ইরানের বিজ্ঞানমন্ত্রী: অদৃশ্য একনায়কে পরিণত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
https://parstoday.ir/bn/news/iran-i163140-ইরানের_বিজ্ঞানমন্ত্রী_অদৃশ্য_একনায়কে_পরিণত_হতে_পারে_কৃত্রিম_বুদ্ধিমত্তা
পার্সটুডে- ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যাপক নজরদারির সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে তথ্যের ওপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে মানুষের ওপর নিয়ন্ত্রণে পরিণত হতে পারে এবং সৃষ্টি হতে পারে একটি ‘অদৃশ্য একনায়কত্ব’।
(last modified 2026-09-16T14:48:37+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ২০:৩৮ Asia/Dhaka
  • ইরানের মন্ত্রী (বামে)
    ইরানের মন্ত্রী (বামে)

পার্সটুডে- ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যাপক নজরদারির সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে তথ্যের ওপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে মানুষের ওপর নিয়ন্ত্রণে পরিণত হতে পারে এবং সৃষ্টি হতে পারে একটি ‘অদৃশ্য একনায়কত্ব’।

রিয়াদে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা নিয়ে ইউনেস্কোর চতুর্থ বিশ্ব ফোরাম ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমায়ি জোর দিয়ে বলেন, নতুন প্রযুক্তির বিকাশের নৈতিক পরিণতির দিকে গুরুত্বের সঙ্গে নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, প্রযুক্তি নিরপেক্ষ নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও নিজে থেকেই ন্যায়সংগতভাবে কাজ করে না। অ্যালগরিদম কখনো কখনো সৃষ্টির চেয়ে ধ্বংসই বেশি ঘটায় এবং প্ল্যাটফর্মগুলো উন্নয়নের পরিবর্তে ক্ষতির উৎস হয়ে উঠতে পারে।

ইরানের বিজ্ঞানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে প্ল্যাটফর্ম ও প্রযুক্তি উন্নয়নকারীদের নৈতিক দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে এমন কর্মকাণ্ডে তথ্য ব্যবহার করা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন করছে, এমনকি শিশুদের মৃত্যুর কারণও হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মগুলো তাদের প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার জন্য কোনো দায় বহন করবে কি না?

সিমায়ি আরও বলেন, অনেক চ্যাটবট আত্মহত্যা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায় এবং এটি সঠিক পদক্ষেপ। কিন্তু অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ শনাক্ত করা এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোর কাজেও ব্যবহার করা যেতে পারে।

এ প্রসঙ্গে তিনি মিনাবের একটি স্কুলে হামলা এবং সেখানে পড়াশোনার সময় ১৬৮ শিক্ষার্থী নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, এসব সমস্যার সমাধান খুঁজতে হলে বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে।

ইরানের বিজ্ঞানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে বৈষম্যকে চিহ্নিত করেন। তিনি বলেন, জ্ঞান ও সক্ষমতা সবসময়ই বিভিন্ন ধরনের ব্যবধান তৈরি করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আগের যেকোনো প্রযুক্তির তুলনায় এসব ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারে।

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।