তাবরিজের নীল মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও শিল্পের অনন্য মিলন
https://parstoday.ir/bn/news/iran-i163788-তাবরিজের_নীল_মসজিদ_ইতিহাস_স্থাপত্য_ও_শিল্পের_অনন্য_মিলন
পার্সটুডে: ইরানের খুব কম স্থাপনাই আছে, যেখানে স্থাপত্য, রাজনৈতিক ইতিহাস ও টাইলসের শিল্পকলা এত সুন্দরভাবে একসঙ্গে ফুটে উঠেছে, যতটা দেখা যায় তাবরিজের নীল মসজিদে।
(last modified 2026-10-08T10:55:16+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ১৬:৪১ Asia/Dhaka
  • তাবরিজের নীল মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও শিল্পের অনন্য মিলন

পার্সটুডে: ইরানের খুব কম স্থাপনাই আছে, যেখানে স্থাপত্য, রাজনৈতিক ইতিহাস ও টাইলসের শিল্পকলা এত সুন্দরভাবে একসঙ্গে ফুটে উঠেছে, যতটা দেখা যায় তাবরিজের নীল মসজিদে।

প্রেস টিভির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফারসিতে মসজিদ-এ কাবুদ নামে পরিচিত এই মসজিদটি ঐতিহাসিকভাবে 'মোজাফফারিয়েহ মসজিদ' নামেও পরিচিত। কারা কোয়ুনলু শাসক জাহান শাহের আমলে এটি নির্মিত হয়। মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুযায়ী, নির্মাণকাজ শেষ হয় ১৪৬৫ সালে।

তবে এটি শুধু একটি মসজিদ ছিল না। জাহান শাহের স্ত্রী খাতুন জান বেগম প্রতিষ্ঠিত একটি বড় ধর্মীয় ও জনকল্যাণমূলক কমপ্লেক্সের কেন্দ্রীয় স্থাপনা ছিল এটি।

বর্তমানে যে ভবনটি দেখা যায়, তা একসময়কার বিশাল কমপ্লেক্সের কেবল একটি অংশ। ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা, অবহেলা ও লুটপাটের কারণে একসময় মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পরে ২০ শতকে ব্যাপক সংস্কারের মাধ্যমে এর অনেকটা স্থাপত্যিক রূপ ফিরিয়ে আনা হয়।

তারপরও টিকে থাকা অলংকরণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। নীল ও ফিরোজা রঙের মোজাইক টাইল, সোনালি টাইল, নীল-সাদা গ্লেজ করা টাইল, ইটের নকশা এবং বিশাল ক্যালিগ্রাফি মিলে এখানে তৈরি হয়েছে অনন্য এক শিল্পভাষা। এতে কারা কোয়ুনলু ইরান, তিমুরীয় খোরাসান ও উসমানি আনাতোলিয়ার শিল্প-ঐতিহ্যের প্রভাব দেখা যায়।

রাজকীয় পৃষ্ঠপোষকতায় নির্মাণ

নীল মসজিদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মোজাফফারিয়েহ কমপ্লেক্সের ইতিহাস। কারা কোয়ুনলু রাজবংশের শক্তিশালী শাসক জাহান শাহের স্ত্রী খাতুন জান বেগম এই বিশাল ধর্মীয় ও জনকল্যাণমূলক কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।

জাহান শাহ ১৪৩৯ থেকে ১৪৬৭ সাল পর্যন্ত শাসন করেন। তাঁর সময়ে তাবরিজ ছিল রাজ্যের রাজনৈতিক কেন্দ্র। একই সঙ্গে শহরটি স্থাপত্য, সাহিত্য, বাণিজ্য ও শিল্পচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল।

তাবরিজের নীল মসজিদ

মসজিদের প্রবেশপথের শিলালিপিতে ৮৭০ হিজরির ৪ রবিউল আউয়াল, অর্থাৎ ১৪৬৫ সালের ২৫ অক্টোবরের তারিখ পাওয়া যায়। এই তারিখের ভিত্তিতেই সাধারণত মসজিদটির নির্মাণকাল ১৪৬৫ সাল ধরা হয়।

তবে এর নির্মাণকাজ সহজে শেষ হয়নি। তখন কারা কোয়ুনলু রাষ্ট্র রাজনৈতিক সংকটের মুখে পড়ছিল। পরে তাবরিজ আক কোয়ুনলুদের দখলে চলে যাওয়ায় প্রকল্পটির শেষ পর্যায়ের কাজও বাধাগ্রস্ত হয়।

মোজাফফারিয়েহ কমপ্লেক্স ছিল অনেক বড়। এখানে একটি খানকাহ বা সুফি আস্তানা, কানাত জলব্যবস্থা এবং বেগুমাবাদ বা বাগ-এ বেগুম নামে একটি বাগান ছিল। সেখানে মাদ্রাসা ও গোসলখানাও ছিল বলে ধারণা করা হয়। কমপ্লেক্সের পাশে ছিল ৫৫টি দোকান নিয়ে একটি বাজার।

এই কমপ্লেক্স রাজপরিবারের সমাধিক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হতো। খাতুন জান বেগম তাঁর সন্তানদের সঙ্গে এখানে সমাহিত হন। জাহান শাহকেও এখানে সমাহিত করা হয়েছে বলে প্রচলিত রয়েছে। তবে মূল কবরগুলো আর টিকে নেই।

নীল মসজিদের ইতিহাসে খাতুন জান বেগমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন শাসকের স্ত্রী হিসেবে এর সঙ্গে যুক্ত ছিলেন না; বরং নিজেই এই ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে মধ্যযুগীয় ইরানের স্থাপত্য ও ধর্মীয় জীবনে নারীদের গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতার একটি দৃষ্টান্ত পাওয়া যায়।

জাহান শাহ ও খাতুন জান বেগমের মৃত্যুর পর তাঁদের কন্যা সালেহা খাতুন নির্মাণকাজের তদারকি চালিয়ে যান। পরে আক কোয়ুনলু শাসক ইয়াকুবের আমলে মাজারের গম্বুজসহ গুরুত্বপূর্ণ কিছু অংশ সম্পন্ন হয়।

যুদ্ধ, ভূমিকম্প ও ধ্বংসের ইতিহাস

১৬ শতকের প্রথমার্ধে নীল মসজিদ সক্রিয় উপাসনাস্থল ছিল। এ সময় তাবরিজ সাফাভি ইরানের প্রথম রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

১৫০১ সালে শাহ ইসমাইল প্রথম তাবরিজকে রাজধানী করেন। কিন্তু কৌশলগত অবস্থানের কারণে শহরটি উসমানি হামলার ঝুঁকিতে ছিল। ১৫১৪ সালের উসমানি আক্রমণের পর তাবরিজ লুট করা হয়। নীল মসজিদও সেই লুটপাট থেকে রক্ষা পায়নি।

১৮৭২ সালে জুল লরেন্সের আঁকা নীল মসজিদের চিত্রকর্ম।

মসজিদ থেকে অন্তত আটটি কার্পেট নিয়ে ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল। পরে এসব কার্পেটের কিছু উসমানি সুলতান প্রথম সেলিম সারায়েভোর গাজি হুসরেভ বেগ মসজিদে উপহার দেন।

যুদ্ধের ক্ষয়ক্ষতির পর মসজিদের জন্য আরও বড় বিপদ হয়ে ওঠে ভূমিকম্প। তাবরিজ ইরানের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। কয়েক শতাব্দী ধরে বারবার ভূমিকম্পে শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৭ শতকের মধ্যে নীল মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরিত্যক্ত হয়ে পড়ে। ১৯ শতকে ধ্বংসাবশেষের কিছু অংশ স্থানীয় লোকজন লুট করে নিয়ে যায় বলেও জানা যায়।

১৭৮০ সালের ভয়াবহ ভূমিকম্পকে মসজিদের বড় গম্বুজগুলো এবং মাজারের ছাদ ধসে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়।

ফলে একসময়কার সমৃদ্ধ ও ব্যস্ত মসজিদটি একটি বিশাল ধ্বংসাবশেষে পরিণত হয়।

পুনরুদ্ধারে ফিরে আসে পুরোনো রূপ

আজকের নীল মসজিদের চেহারা অনেকটাই ২০ শতকের পুনরুদ্ধারকাজের ফল। ১৯৫০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ব্যাপক সংস্কার করা হয়। এ সময় কেন্দ্রীয় গম্বুজ এবং অভ্যন্তরের দেয়ালের কিছু অংশ পুনর্নির্মাণ করা হয়।

১৯৭৩ সালে মাজারের ছাদ এবং প্রধান গম্বুজকক্ষও পুনর্নির্মাণ করা হয়।

তাই বর্তমানে যে নীল মসজিদ দেখা যায়, তার সব অংশ মধ্যযুগের মূল স্থাপনা নয়। ভবনটির কিছু অংশ পুনর্নির্মিত। তবে মূল স্থাপনার অবশিষ্ট অংশ, ঐতিহাসিক দলিল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পুনরুদ্ধারকাজ একসঙ্গে মিলে এর পুরনো স্থাপত্য সম্পর্কে ধারণা দেয়।

‘টি’ আকৃতির অনন্য স্থাপত্য

স্থাপত্যের দিক থেকেও নীল মসজিদ বেশ ব্যতিক্রমী। পরবর্তী সময়ে ইরানে জনপ্রিয় হয়ে ওঠা প্রাঙ্গণ ও ইওয়ানভিত্তিক মসজিদের তুলনায় এর পরিকল্পনা আলাদা।

খাকানি পার্ক থেকে দেখা নীল মসজিদ

মসজিদটির কেন্দ্রীয় অংশে রয়েছে একটি বড় গম্বুজকক্ষ। এর চারপাশের কাঠামো ‘টি’ আকৃতিতে সাজানো।

উত্তর দিকে বিশাল একটি ইওয়ান বা খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। এর ওপর পিশতাক এবং দুপাশে মূলত দুটি মিনার ছিল।

কেন্দ্রীয় গম্বুজটি প্রায় ২২ মিটার উঁচু এবং আটটি খিলানের ওপর দাঁড়িয়ে আছে। এর চারপাশে থাকা গ্যালারি, ছোট গম্বুজ ও ভল্ট পুরো অভ্যন্তরকে একটি নাটকীয় রূপ দিয়েছে।

মসজিদের দক্ষিণ পাশে রয়েছে মাজার। এর দরজা সাধারণত বন্ধ রাখা হতো, যাতে সমাধির অংশটি মূল নামাজের জায়গার ওপর প্রাধান্য বিস্তার না করে। মাজারের নিচে ছিল একটি ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র।

নীল মসজিদের এই ‘টি’ আকৃতির বিন্যাস এবং একাধিক গম্বুজের ব্যবহার উসমানি আনাতোলিয়ার কিছু স্থাপত্যের সঙ্গে মিল খুঁজে দেয়। বিশেষ করে বুরসার গ্রিন মসজিদের সঙ্গে এর কিছু সাদৃশ্য রয়েছে।

তবে এটিকে সরাসরি উসমানি স্থাপত্যের অনুকরণ বলা ঠিক হবে না। ১৫ শতকে তাবরিজ ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। এখানকার কারিগররা ইরানের বাইরেও বিভিন্ন অঞ্চলে কাজ করতেন।

বুরসার গ্রিন মসজিদে তাবরিজের কারিগরদের কাজ করার প্রমাণ রয়েছে। সারায়েভোর গাজি হুসরেভ বেগ মসজিদের স্থপতিও ছিলেন তাবরিজের একজন ইরানি। এমনকি জেরুজালেমের ডোম অব দ্য রকের টাইল ও অলংকরণ তৈরিতেও তাবরিজের কারিগরদের ভূমিকার কথা জানা যায়।

এগুলো থেকে বোঝা যায়, রাজনৈতিক সীমান্তের বাইরে কারিগর, প্রযুক্তি ও শিল্পধারণার আদান-প্রদান তখনও চলত।

নীল টাইলের অপূর্ব জগৎ

নীল মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ এর অলংকরণ। পাথরের ভিত্তির ওপর পোড়ানো ইটের কাঠামো তৈরি করে তার ওপর টাইল ও ইটের অলংকরণ করা হয়েছে।

নীল মসজিদের প্রবেশদ্বার ইওয়ান

মাজারের নিচের অংশ, তিনটি মিহরাব এবং কিছু জানালায় অ্যালাবাস্টার ব্যবহার করা হয়েছিল। ১৭ শতকের পর্যটক জ্যঁ-বাতিস্ত তাভের্নিয়ে অ্যালাবাস্টার দিয়ে আসা উষ্ণ লালচে আলোর কথাও উল্লেখ করেছিলেন।

মসজিদের টাইলের কাজে নীল, ফিরোজা, সাদা, গাঢ় বেগুনি, হলুদাভ ও সবুজ রঙের ব্যবহার চোখে পড়ে। ছোট ছোট রঙিন টাইল কেটে জ্যামিতিক ও ফুলেল নকশা তৈরি করা হয়েছিল।

ক্যালিগ্রাফিও এই স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। ইওয়ান ও মাজারের দেয়ালে কুফিক ও সুলুস লিপিতে বিভিন্ন শিলালিপি রয়েছে। এগুলোকে জ্যামিতিক ও ফুলেল নকশার সঙ্গে এমনভাবে মিলিয়ে দেওয়া হয়েছে যে ক্যালিগ্রাফি নিজেই স্থাপত্যের অংশ হয়ে উঠেছে।

মসজিদের মূল অলংকরণ বর্তমানের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ ছিল। মাজারে সোনালি টাইলের ব্যবহার ছিল। কিছু নীল টাইলের ওপর সোনালি নকশাও করা হয়েছিল। আজ সেগুলোর সামান্য অংশ টিকে আছে।

এখানে লাস্টার টাইলেরও ব্যবহার দেখা যায়। ইরানি সিরামিকশিল্পে এই কৌশলের দীর্ঘ ইতিহাস থাকলেও ১৫ শতকের স্থাপত্যে এর ব্যবহার তুলনামূলকভাবে বিরল ছিল।

নীল-সাদা গ্লেজ করা টাইলও ছিল অলংকরণের গুরুত্বপূর্ণ অংশ। এসব টাইলের ব্যবহার সমসাময়িক তিমুরীয় স্থাপত্যের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে নীল মসজিদের বিশেষত্ব হলো—এখানে কোনো একটি অলংকরণ কৌশলের ওপর নির্ভর করা হয়নি। বরং বিভিন্ন পুরনো শিল্পধারাকে একত্র করে একটি অত্যন্ত সমৃদ্ধ ও সুশৃঙ্খল দৃশ্য তৈরি করা হয়েছে।

ইরান ও প্রতিবেশী সংস্কৃতির মিলনস্থল

১৫ শতকে তাবরিজ ছিল ইরান, মধ্য এশিয়া ও আনাতোলিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগের কেন্দ্র। ফলে নীল মসজিদের স্থাপত্য ও অলংকরণেও এই সাংস্কৃতিক যোগাযোগের ছাপ পাওয়া যায়।

নীল মসজিদের গম্বুজ কক্ষ

তৈমুরীয় খোরাসান থেকে টাইলশিল্প, ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশার নানা প্রভাব এসেছে। আবার আনাতোলিয়ার সঙ্গে যোগাযোগের ফলে স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যও তাবরিজে প্রবেশ করেছিল।

এ কারণে নীল মসজিদকে কোনো একটি অঞ্চলের বিচ্ছিন্ন স্থাপত্য হিসেবে দেখা যায় না। বরং এটি মধ্যযুগীয় ইরানের বিস্তৃত শিল্প ও সাংস্কৃতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দলিল।

ইটের কাঠামোর সঙ্গে টাইলের অলংকরণ যুক্ত করার ইরানি ঐতিহ্যও এখানে নতুন মাত্রা পেয়েছিল। সেলজুক ও ইলখানিদ আমলে গড়ে ওঠা নানা কৌশল পরবর্তী সময়ে তিমুরীয় খোরাসানে আরও বিকশিত হয়। নীল মসজিদ সেই ঐতিহ্যকে কারা কোয়ুনলু যুগের তাবরিজে নতুন রূপ দেয়।

তাবরিজের টিকে থাকা এক অনন্য স্মারক

নীল মসজিদ শুধু একটি ঐতিহাসিক মসজিদ নয়। এটি তাবরিজের রাজনৈতিক ইতিহাস, ইরানি স্থাপত্য, নারী পৃষ্ঠপোষকতা, সিরামিকশিল্প এবং বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক যোগাযোগের এক অনন্য দলিল।

মোজাইক টাইল, সোনালি অলংকরণ, লাস্টার, নীল-সাদা সিরামিক, ইটের নকশা ও ক্যালিগ্রাফি—সবকিছুকে একসঙ্গে ব্যবহার করার অসাধারণ দক্ষতাই এই স্থাপনাকে বিশেষ করে তুলেছে।

নীল মসজিদের অভ্যন্তরীণ টাইলস

তাবরিজের ঐতিহাসিক বাজার কমপ্লেক্সের অংশ হিসেবে নীল মসজিদ ২০১০ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এর মাধ্যমে তাবরিজের বৃহত্তর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিবেশের গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়।

আজও নীল মসজিদ মধ্যযুগীয় তাবরিজের শিল্প-সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক। এর মূল কমপ্লেক্সের অধিকাংশ হারিয়ে গেছে, বহু অলংকরণও আর নেই। কিন্তু টিকে থাকা নীল মোজাইক, ক্যালিগ্রাফি, ইটের কাজ ও সোনালি টাইলের টুকরো এখনও এর নির্মাতাদের অসাধারণ শিল্পবোধের সাক্ষ্য দেয়।

নীল মসজিদ তাই শুধু সৌন্দর্যের নিদর্শন নয়—এটি সাংস্কৃতিক বিনিময়, শিল্পের বিকাশ, রাজকীয় ও নারী পৃষ্ঠপোষকতা এবং বহু বিপর্যয় পেরিয়ে একটি স্থাপত্যের টিকে থাকার গল্প। ১৫ শতকের তাবরিজে ইরান ও বৃহত্তর অঞ্চলের যে শিল্পজগতের মিলন ঘটেছিল, নীল মসজিদের দেয়াল ও টাইলের টুকরোগুলো আজও সেই ইতিহাসের কথা বলে।#

পার্সটুডে/এমএআর/৮