তাবরিজ গ্র্যান্ড বাজার: শতাব্দীর বাণিজ্য, সংস্কৃতি ও কারুশিল্পের ধারাবাহিক ঐতিহ্য
https://parstoday.ir/bn/news/iran-i163296-তাবরিজ_গ্র্যান্ড_বাজার_শতাব্দীর_বাণিজ্য_সংস্কৃতি_ও_কারুশিল্পের_ধারাবাহিক_ঐতিহ্য
পার্সটুডে: ইরানের তাবরিজ গ্র্যান্ড বাজার ১২শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে এশিয়া ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল। পূর্ব-পশ্চিমের প্রাচীন বাণিজ্যপথের সঙ্গে এর গভীর সংযোগ তাবরিজের বাণিজ্যিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষ্য বহন করে।
(last modified 2026-09-22T10:14:27+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৬:০২ Asia/Dhaka
  • তাবরিজ গ্র্যান্ড বাজার: শতাব্দীর বাণিজ্য, সংস্কৃতি ও কারুশিল্পের ধারাবাহিক ঐতিহ্য

পার্সটুডে: ইরানের তাবরিজ গ্র্যান্ড বাজার ১২শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে এশিয়া ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল। পূর্ব-পশ্চিমের প্রাচীন বাণিজ্যপথের সঙ্গে এর গভীর সংযোগ তাবরিজের বাণিজ্যিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষ্য বহন করে।

সিল্ক রোডের প্রাচীন পথগুলো যেখানে একসময় মিলিত হতো, সেই তাবরিজের প্রাণকেন্দ্রে রয়েছে ইট ও ছায়ায় গড়ে ওঠা এক বিশাল গোলকধাঁধা—যার বাণিজ্যিক ঐতিহ্য এক হাজার বছরেরও বেশি পুরোনো।

প্রেস টিভি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তাবরিজ বাজার কমপ্লেক্স কেবল একটি বাজার নয়; এটি স্থাপত্য, বাণিজ্য, সংস্কৃতি ও ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা একটি স্বয়ংসম্পূর্ণ জগৎ। প্রায় এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত আন্তঃসংযুক্ত আচ্ছাদিত পথ নিয়ে এটি ইরান ও বিশ্বের অন্যতম বৃহৎ ছাদযুক্ত বাজার। ২০১০ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় এবং প্রথম কোনো বাজার হিসেবে এই স্বীকৃতি অর্জন করে। এর গম্বুজাকৃতির ছাদের নিচে আজও কার্পেট, মসলা ও নানা পণ্য বিক্রি হয়—যে কক্ষগুলোতে বহু শতাব্দী আগে তাবরিজের বণিকেরা ব্যবসা করতেন।

শুধু কেনাবেচার জায়গা নয়

ইরানের ঐতিহ্যবাহী বাজারগুলো শহুরে জীবনে বিশেষ ভূমিকা পালন করত। আধুনিক শপিং সেন্টারের মতো এগুলো কেবল বাণিজ্যিক স্থাপনা ছিল না। সাধারণত শহরের প্রধান ফটক ও সড়কের সঙ্গে বাজারের সংযোগ থাকত এবং কাছাকাছি থাকত জামে মসজিদ, সরকারি কেন্দ্র কিংবা দুর্গ।

মির্জা শাফি তিমচেহ-এর কার্পেট

দোকান ও গুদামের পাশাপাশি বাজারের বিভিন্ন অংশে ছিল কারখানা, কারাভানসরাই, ধর্মীয় স্থাপনা, বিদ্যালয়, হাম্মাম ও জনসাধারণের ব্যবহারের স্থান। ফলে বাজার হয়ে উঠত শহরের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, সামাজিক মিলনস্থল, রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ।

তাবরিজ বাজারকে অনেক সময় 'বিশ্বের বৃহত্তম আচ্ছাদিত বাজার' বলা হয়। তবে ইরানের অন্যান্য ঐতিহাসিক বাজারের সঙ্গে তুলনা করলে এই দাবির মানদণ্ড নিয়ে বিতর্ক রয়েছে।

ইরানি শিল্প-ইতিহাসবিদদের ইউনেস্কোর জন্য প্রস্তুত করা তুলনামূলক বিশ্লেষণ অনুযায়ী, তাবরিজ বাজারের ঐতিহাসিক কেন্দ্রের আয়তন ২৯ হেক্টর—যা ইরানের বাজারগুলোর মধ্যে বৃহত্তম। তেহরানের বাজারের আয়তন ২৭ হেক্টর। তাবরিজ বাজারে পুরোনো আচ্ছাদিত পথের দৈর্ঘ্য ৫.৭৬ কিলোমিটার এবং ঐতিহাসিক ভবন রয়েছে ১৫০টি।

তাবরিজ বাজারের বিশেষত্ব কেবল এর আয়তনে নয়, বরং এর বিভিন্ন অংশের অসাধারণ সমন্বয়ে। এটি একই ধরনের বৃহত্তম ধারাবাহিক ইটের স্থাপনাগুলোর একটি। অসংখ্য পৃথক ভবন কাঠামোগতভাবে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটি সমন্বিত স্থাপত্যিক কাঠামো তৈরি করেছে।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, কমপ্লেক্সটিতে প্রায় ২০টি প্রধান বাজারসারি, ৩৫টি কারাভানসরাই ও সারায়, ২৫টি তিমচে, ১১টি গলিপথ, ১২টি বিদ্যালয়, ৩০টি মসজিদ, পাঁচটি হাম্মাম এবং হাজার হাজার দোকান ও সংরক্ষণাগার ছিল।

মধ্যযুগীয় বাণিজ্যকেন্দ্র থেকে আধুনিক তাবরিজ

তাবরিজ অঞ্চলে ব্রোঞ্জ যুগ থেকেই মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। নবম শতাব্দীর মধ্যে শহরটি গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। মধ্যযুগে উত্তর-পশ্চিম ইরানের অন্যতম প্রধান শহর হিসেবে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়।

তাবরিজ বাজারের সোনার দোকান

১২৫৮ সালে মঙ্গোলদের হাতে বাগদাদ ধ্বংস হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থায় তাবরিজের গুরুত্ব আরও বেড়ে যায়। ইলখানিদের অধীনে শহরটি ইউরেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়।

১৩১৬ থেকে ১৩৩১ সালের মধ্যে তাবরিজ অসাধারণ অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির সময় পার করে। মার্কো পোলো ও ইবনে বতুতার মতো পর্যটকরা শহরটিকে অত্যন্ত সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন।

ইরানি মালভূমি, আনাতোলিয়া, ককেশাস ও আরও পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগকারী পূর্ব-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের বাণিজ্যপথের সংযোগস্থলে অবস্থানের কারণে তাবরিজ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। রেশম ও বস্ত্র ছিল গুরুত্বপূর্ণ পণ্য; পাশাপাশি ধাতব সামগ্রী, অস্ত্র, মৃৎশিল্প, চামড়া, তামার পণ্যসহ বিভিন্ন পণ্য এখানে কেনাবেচা হতো।

ষোড়শ শতাব্দীর শুরুতে সাফাভি রাজবংশ তাবরিজকে রাজধানী নির্বাচন করলে শহরের বাণিজ্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। তবে উসমানীয় সাম্রাজ্যের হুমকির কারণে তাবরিজ ছিল ঝুঁকিপূর্ণ অবস্থানে। শেষ পর্যন্ত শাহ তাহমাসপ ১৫৪৮ সালে রাজধানী কাজভিনে স্থানান্তর করেন এবং পরে শাহ আব্বাস ইসফাহানকে প্রধান সাফাভি রাজধানী করেন।

রাজধানীর মর্যাদা হারালেও তাবরিজের বাণিজ্যিক গুরুত্ব কমেনি। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বস্ত্র, তামার কাজ, অস্ত্র, টাইলস, চামড়া ও অন্যান্য কারুশিল্পের উৎপাদন বৃদ্ধি পায়।

তাবরিজ বাজারের ঐতিহাসিক কেন্দ্রস্থলের মানচিত্র

১৭৮০ সালের এক ভয়াবহ ভূমিকম্প তাবরিজের জন্য বড় ধ্বংস ডেকে আনে। শহরের বড় অংশের পাশাপাশি বাজারও ক্ষতিগ্রস্ত হয়। পরে শহর ও বাজার পুনর্নির্মাণ করা হয়। ফলে আজকের বাজারের স্থাপত্য মূলত ওই পুনর্নির্মাণের ফল। বর্তমান বাজারে হাঁটা মানে অক্ষত মধ্যযুগীয় বাজারের ভেতর দিয়ে হাঁটা নয়; বরং প্রাচীন নগর-পরিকল্পনা ও বাণিজ্যিক ঐতিহ্য ধরে রাখা পরবর্তী সময়ের স্থাপত্যের মধ্য দিয়ে হাঁটা।

১৮১৭ সালের ভূমিকম্প ও ১৮৭১ সালের বড় বন্যাও বাজারটিকে ক্ষতিগ্রস্ত করে।

বাণিজ্যের বাইরে রাজনীতিরও মঞ্চ

তাবরিজ বাজার শুধু বাণিজ্যের কেন্দ্র ছিল না; এটি রাজনৈতিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে। ১৯০৬ সালের সাংবিধানিক বিপ্লবের সময় তাবরিজ আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। প্রতিবাদের সময় বাজার বন্ধ করে দেওয়া হতো, যার ফলে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করাও রাজনৈতিক চাপ সৃষ্টির একটি শক্তিশালী উপায়ে পরিণত হয়।

বণিক ও গিল্ড নেতারা সাংবিধানিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাবরিজ বাজারের বৃহত্তর সম্প্রদায় শহরের রাজনৈতিক সংগ্রামের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে।

ইটের গম্বুজের নিচে শিল্প ও স্থাপত্য

তাবরিজ বাজারের স্থাপত্য ইরানি নির্মাণশিল্পের অন্যতম উচ্চতর অর্জন। পুরো কমপ্লেক্সে ইট ব্যবহার করা হয়েছে—যা কাঠামোগত বহুমুখিতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নান্দনিকতার জন্য উপযোগী।

কুরি নদীর উপর তাবরিজ বাজারের দুটি সেতুর মধ্যে একটি (সংস্কারকৃত কংক্রিটের ভিত্তি কাঠামোসহ)

বাজারের বিশাল গম্বুজ ও ভল্ট অনেক ক্ষেত্রে কোনো স্তম্ভ ছাড়াই দীর্ঘ দূরত্ব অতিক্রম করেছে। এখানে 'কারবন্দি' নামে পরিচিত জটিল স্থাপত্য কৌশল ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে পরস্পরকে ছেদ করা রিব-ভল্ট বর্গাকার বা আয়তাকার স্থানকে গম্বুজের জন্য বৃত্তাকার ভিত্তিতে রূপান্তর করে।

কারবন্দি শুধু কাঠামোগত কৌশল নয়, এটি এক ধরনের শিল্পও। স্থপতিরা বৃত্তাকার পরিকল্পনাকে কয়েকটি সমান অংশে ভাগ করে রেখাগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করতেন। এতে 'শামসে' বা সূর্যরশ্মির মতো জ্যামিতিক নকশা তৈরি হতো।

বাজারের ছোট দোকান বা হুজরাগুলোতে সাধারণত ব্যারেল ভল্ট, আর তিমচে, প্রধান বাজারসারি ও করিডোরে বিভিন্ন ধরনের গম্বুজ ও ভল্ট দেখা যায়।

এই স্থাপত্য বাজারকে গ্রীষ্মে তুলনামূলক শীতল এবং শীতকালে উষ্ণ রাখতে সহায়তা করত। অর্থাৎ জলবায়ু, বাণিজ্য ও স্থাপত্য এখানে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

বাজারের ভেতরে শুধু দোকান ও গুদামই নয়; রয়েছে বহু মসজিদ ও বিদ্যালয়, হাম্মাম, গ্রন্থাগার, বরফঘর এবং জুরখানেহ। এসব স্থাপনা প্রমাণ করে যে বাজারটি কেবল বাণিজ্যিক এলাকা নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামাজিক সম্প্রদায়ের মতো কাজ করত।

পর্যটকদের জন্য যা দেখার আছে

বাজারের অসংখ্য স্থাপনার মধ্যে তিমচে আমির ও তিমচে মোজাফফারিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য।

মির্জা মোহাম্মদ খান আমির-নেজাম জাঙ্গানেহ নির্মিত তিমচে আমিরকে ইরানি স্থাপত্যশিল্পের অন্যতম উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। এর কেন্দ্রীয় অংশ ও জ্যামিতিক বিন্যাসে সৌন্দর্য ও বাণিজ্যিক কার্যকারিতার সমন্বয় দেখা যায়। বাজারের সবচেয়ে বড় গম্বুজটিও এখানে অবস্থিত।

তিমচে মোজাফফারিয়েহ বাজারের অন্যতম সুন্দর অংশ। বিশিষ্ট বণিক হাজ শেখ জাফর কাজভিনি ১৮৮৮ সালে এটি নির্মাণ করেন। তৎকালীন যুবরাজ মোজাফফর আল-দীন মির্জার উপস্থিতির স্মরণে এর নামকরণ করা হয়। বর্তমানে এটি ইরানি কার্পেটের বাণিজ্য ও রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর দুই তলায় ২৬টি করে কার্পেটের দোকান রয়েছে।

প্রথমবার তাবরিজ বাজারে গেলে সহজেই পথ হারিয়ে যেতে পারেন—আর সেটিই এর আকর্ষণের অংশ। বাজারটিকে কোনো একটি স্মৃতিস্তম্ভের দিকে হেঁটে গিয়ে দেখে বেরিয়ে আসার চেয়ে ঘুরে ঘুরে আবিষ্কার করাই বেশি উপভোগ্য।

বিভিন্ন অংশে বিভিন্ন পণ্যের বিশেষায়িত বাজার রয়েছে। সোনা ও গয়না, কার্পেট, জুতা, বস্ত্রসহ বিভিন্ন পণ্যের জন্য আলাদা অংশ রয়েছে। আমির বাজার বিশেষভাবে সোনা ও গয়নার জন্য পরিচিত, আর মোজাফফারিয়েহ বিখ্যাত কার্পেটের জন্য।

আমির সরাইয়ের উঠান

জামে মসজিদও বাজার-অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ। এটি দেখায় যে ঐতিহ্যবাহী ইরানি নগরব্যবস্থায় বাণিজ্য ও ধর্মীয় জীবন আলাদা কোনো জগৎ ছিল না। একই নগর কাঠামোর অংশ হিসেবেই মসজিদ ও বাজার বিকশিত হয়েছিল। এছাড়া নীল মসজিদ বা ব্লু মসজিদ, যার অসাধারণ মোজাইক টাইলস বিখ্যাত, এবং শহরের অন্যতম প্রাচীন উপ-বাজার সোরখাবও উল্লেখযোগ্য।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি

২০১০ সালের জুলাইয়ে তাবরিজ ঐতিহাসিক বাজার কমপ্লেক্স ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি ছিল ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া প্রথম বাজার।

এই স্বীকৃতির পেছনে তিনটি মানদণ্ড গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় মানদণ্ডে আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে তাবরিজের ভূমিকা স্বীকৃত হয়েছে। দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এশিয়ার বিভিন্ন অঞ্চলকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম বাণিজ্যপথের ওপর তাবরিজ অবস্থিত ছিল। পণ্য, প্রযুক্তি, শিল্পধারা ও বাণিজ্যিক রীতির পাশাপাশি ব্যবসায়ীরাও এই পথ ধরে চলাচল করতেন।

তৃতীয় মানদণ্ডে বাজারটিকে একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। তাবরিজ বাজারের গুরুত্ব শুধু এর প্রাচীনত্বে নয়; এর অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাগত সম্পর্কগুলোর অনেকটাই এখনও দৃশ্যমান এবং সক্রিয়।

চতুর্থ মানদণ্ডে তাবরিজ বাজারকে বহুমুখী নগর কমপ্লেক্সের একটি অসাধারণ উদাহরণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে সংকুচিত একটি এলাকায় বিপুলসংখ্যক বিশেষায়িত স্থাপনা ও স্থান একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি সমন্বিত স্থাপত্যিক কাঠামো তৈরি করেছে।

১৭৮০ সালের ভূমিকম্পের পর বাজারের বড় অংশ পুনর্নির্মিত হলেও এর ঐতিহাসিক বিন্যাস ও বাণিজ্যিক কার্যক্রম এখনও সুস্পষ্ট। এটি কোনো স্থির প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়; বরং এখনও একটি সক্রিয় অর্থনৈতিক পরিবেশ।

টিমচেহ মোজাফারিয়েহ

অতীত ও বর্তমানের সেতুবন্ধন

তাবরিজ গ্র্যান্ড বাজার ভূমিকম্প, বন্যা, রাজনৈতিক অস্থিরতা, রাজবংশের পরিবর্তন, রাজধানী স্থানান্তর, আন্তর্জাতিক বাণিজ্যপথের পরিবর্তন এবং আধুনিক সড়ক ও বিপণিব্যবস্থার উত্থান—সবকিছুর মধ্য দিয়েও টিকে আছে।

এর গুরুত্ব শুধু 'বিশ্বের বৃহত্তম আচ্ছাদিত বাজার' হওয়ার জনপ্রিয় দাবিতে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব হলো—এটি ইরানি বাজারব্যবস্থার একটি অসাধারণ পূর্ণাঙ্গ উদাহরণ, যেখানে বাণিজ্য, কারুশিল্প, ধর্ম, শিক্ষা, রাজনীতি ও দৈনন্দিন জীবন একই নগর কাঠামোর মধ্যে একীভূত হয়েছিল।

ইটের গম্বুজগুলো সেই দীর্ঘ ইতিহাসের কেবল দৃশ্যমান খোলস। এসব গম্বুজের নিচ দিয়ে একসময় রেশম, কার্পেট, ধাতব পণ্যসহ অসংখ্য সামগ্রী চলাচল করেছে; দূরদেশের মানুষের সঙ্গে বণিকদের লেনদেন হয়েছে; কারিগরেরা পণ্য তৈরি ও বিক্রি করেছেন; ধর্মীয় শিক্ষকেরা পাঠ দিয়েছেন; রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছে; আর তাবরিজের প্রজন্মের পর প্রজন্ম মানুষ এই একই স্থানকে তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ব্যবহার করেছে।

আজও তাবরিজ বাজার ইরান ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে স্বাগত জানায়। এটি ইরানের প্রাচীন বাণিজ্যিক ঐতিহ্য ও আধুনিক পরিচয়ের মধ্যে একটি জীবন্ত সেতু—যেখানে অতীত কাচের বাক্সে বন্দি নয়; বরং আজও সেখানে বাণিজ্য, কারুশিল্প ও মানুষের জীবন প্রবাহমান।#

পার্সটুডে/এমএআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।