বিশকেক ঘোষণায় সই করলেন সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা
পার্সটুডে- কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা ‘বিশকেক ঘোষণা’-তে স্বাক্ষর করেছেন।
পার্সটুডে-এর প্রতিবেদনে ইরনা’র বরাত দিয়ে বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণকারীরা বিশ্বের শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক নিয়ম-কানুনের সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এর মধ্যে এমন নীতি ও বিধিমালা প্রণয়নের বিষয়ও রয়েছে, যা আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে সব দেশের সমান অংশগ্রহণ এবং এসব সিদ্ধান্তের সুফল থেকে তাদের সমানভাবে উপকৃত হওয়া নিশ্চিত করবে।
ঘোষণায় আরও বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নেতারা আগ্রহী দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বহুপাক্ষিক জোট ও সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতাকে স্বাগত জানান।
ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে, "সংগঠনের কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতা একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।”
ঘোষণায় বৈশ্বিক এজেন্ডায় থাকা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিভিন্ন বিষয়ও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা।
সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে ‘বিশকেক ঘোষণা’র পাশাপাশি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা আরও ২৭টি নথিতে স্বাক্ষর করেছেন।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।