'ইরানসহ বেশ ক'টি বিষয় নিয়ে আলোচনা; উপস্থিত ছিলেন আমিরাতি কর্মকর্তারাও'
গোপনে ইসরায়েল সফরে মার্কিন যুদ্ধমন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক: অ্যাক্সিওস
-
মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ
পার্সটুডে: মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ সোমবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এক অঘোষিত সফর করেছেন এবং সেখানে অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওভদা বিমানঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নির্বাচনের আট দিন আগে এবং ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনার মধ্যে এই গোপন সফর অনুষ্ঠিত হয়।
ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে, সফরের সময় হেগসেথ নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি ইরানে মার্কিন হামলা পুনরায় শুরু করবেন না।
দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ওভদা বিমানঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। পেন্টাগন এবং ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিস্তারিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।
ইরান নিয়ে উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক
ট্রাম্প আসন্ন নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন ঘোষণা করার এক দিন পর এই সফরের খবর প্রকাশিত হয়।
ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তাঁর সমর্থনের সঙ্গে “ইরানের মোকাবিলায় সহযোগিতার” বিষয়টি যুক্ত করেন। তাঁর যুক্তি ছিল, নেতানিয়াহু পরাজিত হলে তেহরানের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত রাখার দায়িত্ব ওয়াশিংটনের ওপর একাই বর্তাতে পারে।
ইসরায়েলি সংবাদপত্র মারিভ রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্তারিত জনমত জরিপের ফলাফল ট্রাম্পের কাছে পৌঁছানো হয়েছিল এবং সেগুলো তাঁর সমর্থন ঘোষণার সময় নির্ধারণে প্রভাব ফেলেছিল।
নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনবার্তার পর লিকুদ পার্টির সূত্রগুলো জানায়, এ ধরনের ঘোষণা প্রত্যাশিতই ছিল এবং নির্বাচনের আগে ট্রাম্প যে নেতানিয়াহুর পাশে থাকবেন, সে বিষয়ে তাদের কোনো সন্দেহ ছিল না।
হেগসেথ-নেতানিয়াহু বৈঠকে আমিরাতের কর্মকর্তাদের উপস্থিতি
ইদিওথ আহরোনোথ জানিয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে আগাম কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সফরটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় প্রকাশ না করা বিদেশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিষয়বস্তু কিংবা বৈঠকের কর্মসূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে, হেগসেথ ও নেতানিয়াহুর বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি জানায়, “ইরানসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
সফরের পর নেতানিয়াহু জানান, তিনি বিমানঘাঁটির কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রয়োজনের সময় শত্রুদের ওপর আঘাত হানার প্রস্তুতি, দৃঢ় সংকল্প ও সক্ষমতার উচ্চমানের প্রশংসা করেন।
ইসরায়েলের প্রতিপক্ষদের সতর্ক করে তিনি বলেন, “আমাদের পরীক্ষা করবেন না; এখন পর্যন্ত আপনারা যে আঘাত পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি কঠোর আঘাত পাবেন।”
চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু পাইলট, বিমানবাহিনীর স্কোয়াড্রন, স্থলকর্মী, সামরিক বাহিনী এবং ইসরায়েলি ক্ষমতাসীন গোষ্ঠীর কার্যক্রমেরও প্রশংসা করেন।
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নেসেট নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর এক দিন পর হেগসেথের এই সফর অনুষ্ঠিত হয়। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন 'ধর্মীয়-জাতীয়তাবাদী জোট বা মন্ত্রীসভা' পরিচালনায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। অন্যদিকে, বিরোধী দলগুলোর পক্ষেও ক্ষমতাধর জোট গঠন করা কঠিন হতে পারে।
গতকাল এর আগে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, ইসরায়েলের নির্বাচনে তিনি হস্তক্ষেপ করেন না।
ডিজিটাল প্ল্যাটফর্ম “টু ওয়ে”-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করছি—এটাই আমার মনোযোগের কেন্দ্র: মধ্যবর্তী নির্বাচন।”
তিনি আরও বলেন, “আমি তাঁকে সমর্থন জানানোর বিরোধী নই, তবে এর পক্ষেও নই… আমি ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ করব না।”
নির্বাচনের প্রাক্কালে সামরিক সতর্কতা
গতকাল ইসরায়েলি দখলদার বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির ঘোষণা করেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেনাদের নিজ নিজ ইউনিট ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।#
পার্স টুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।