তালেবান গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
আফগানিস্তানের উগ্র গোষ্ঠী তালেবানের সদস্যদেরকে ইরান সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম যে দাবি করেছে তা অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক বিনষ্ট করতেই তেহরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।
গত (সোমবার) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তালেবান এবং আফগান কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টাইমস জানিয়েছে, ইরানের বিশেষ বাহিনী শত শত তালেবান গেরিলাদেরকে উন্নত সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে, কাবুলে নিযুক্ত ইরানের দূতাবাস আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে যে, তেহরানের বিরুদ্ধে মনস্তাত্বিক যুদ্ধ চাপিয়ে দেয়ার পাশাপাশি ইরানি জনগণ এবং আফগান সরকারের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের মিথ্যা এবং মনগড়া অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করে বরং দেশটির ভূখণ্ডে কিছু দেশের কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যর্থতার আসল কারণ উদঘাটনে সংবাদ মাধ্যমের কাজ করা উচিত।
বিবৃতিতে সন্ত্রাস এবং উগ্রবাদকে এ অঞ্চলের সব দেশের জন্য অভিন্ন হুমকি হিসেবে আখ্যায়িত করে এ ধরনের হুমকি নির্মূলে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। অতীতের মতোই আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে তেহরান সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪