ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপকে সমর্থন করি না: চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি বাস্তবায়নের জন্য মার্কিন সরকার কথিত যে অ্যাকশন গ্রুপ প্রতিষ্ঠা করেছে তার বিরোধিতা করেছে চীন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।
তিনি বলেন, ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপ প্রতিষ্ঠার বিরোধী তার দেশ এবং মার্কিন এই পদক্ষেপের সঙ্গে বেইজিং থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, চীন কোনেভাবেই মার্কিন এ পদক্ষেপকে মানবে না।
লু ক্যাং বলেন, মার্কিন সরকারের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে ফলে চীন এ উদ্যোগকে গ্রহণ করতে পারে না। এছাড়া, ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের সরে যাওয়ার কথা উল্লেখ করে চীনা মুখপাত্র বলেন, সমঝোতায় সই করা সব দেশ ও পক্ষকে এজন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যু নিয়ে যে সংকট রয়েছে তা কেবল সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব।
গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাস্তবায়নের লক্ষ্যে একটি অ্যাকশন গ্রুপ তৈরি করেছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক নীতি সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে এই গ্রুপ গঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র নীতি বিভাগের পরিচালক ব্রায়ান হুককে ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/২০