প্রতিরক্ষামন্ত্রীর পর সিরিয়া সফরে এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
সিরিয়া সফরে জাওয়াদ জারিফ (সামনে ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়া সফরে গেছেন। গত সপ্তাহে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সিরিয়া সফর করার পর জাওয়াদ জারিফ এ সফরে গেলেন। হাতামির সফরের সময় ইরান ও সিরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি হয়েছে।
দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। আজ (সোমবার) রাজধানী দামেস্কে পৌঁছানোর পর তিনি সাংবাদিকদের কাছে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশকে অবশ্যই মুক্ত করে সরকার ও জনগণের হাতে ন্যস্ত করতে হবে।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদেরকে নির্মূল করে দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করতে চান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কিন্তু ইদলিব প্রদেশে এখনো সন্ত্রাসীদের শক্তিশালী অবস্থান রয়েছে। প্রদেশটিতে সরকারি সেনারা অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে এবং যেকোনো সময় তা শুরু করতে পারে।
অন্যদিকে, আমেরিকা ও তার কোনো কোনো মিত্র দাবি করছে, ইদলিব অভিযানের সময় সিরিয়ার সেনারা বেসামরিক লোকজনের ওপর রাসায়নিক হামলা করতে পারে। এমনটি হলে মার্কিন সরকার সিরিয়ার ওপর হামলা চালাবে। সিরিয়া ও তার মিত্ররা বলছে, অন্য সময়ের মতো মিথ্যা অভিযোগ এনে সিরিয়া পরিস্থিতির অবনতি ঘটাতে আমেরিকা হামলার পাঁয়তারা করছে। হিজবুল্লাহ ও দামেস্ক সরকার বলেছে, এবার কোনো রকমের হামলা হলে নজিরবিহীন জবাব হবে।#
পার্সটুডে/এসআইবি/৩