কীভাবে ইসরাইল পরমাণু অস্ত্রের অধিকারী তার ব্যাখ্যা দিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64624-কীভাবে_ইসরাইল_পরমাণু_অস্ত্রের_অধিকারী_তার_ব্যাখ্যা_দিতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ তোলার অবস্থানে নেই ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর ভিত্তিহীন অভিযোগ তোলার পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বললেন জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ তোলার অবস্থানে নেই ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর ভিত্তিহীন অভিযোগ তোলার পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বললেন জারিফ।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল কীভাবে একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী হয়েছে নেতানিয়াহুকে অবশ্যই তার ব্যাখ্যা দিতে হবে।” তিনি বলেন, গোপনে পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ বরং ইসরাইলের জন্য প্রযোজ্য এবং নেতানিয়াহু ইরানের জায়গায় ইসরাইলের নাম বসিয়ে দিতে পারেন।

ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কথিত গোপন স্থাপনার ছবি দেখাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বলেও উল্লেখ করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল হচ্ছে সবচেয়ে বড় হুমকি- এ বাস্তবতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতেই নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযোগ তোলেন।

গতকাল (বৃহস্পতিবার) নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে পুরনো অভিযোগ নতুন করে তুলে ধরে বলেছেন, ইরান ‘গোপন স্থাপনায়’ পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে।#

পার্সটুডে/এসআইবি/২৮