তালেবানকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66197-তালেবানকে_আফগান_সরকারের_সঙ্গে_আলোচনায়_বসাতে_হবে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সামরিক উপায়ে আফগান সংকটের সমাধান করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি। কাজেই ইরান দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে রাজনৈতিক উপায়ে এই সংকট নিরসনের যে আহ্বান জানিয়ে এসেছে এখন তাতে সাড়া দেয়ার সময় এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৮ ০২:৪৭ Asia/Dhaka
  • তালেবান গোষ্ঠীর একদল সদস্য (ফাইল ছবি)
    তালেবান গোষ্ঠীর একদল সদস্য (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সামরিক উপায়ে আফগান সংকটের সমাধান করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি। কাজেই ইরান দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে রাজনৈতিক উপায়ে এই সংকট নিরসনের যে আহ্বান জানিয়ে এসেছে এখন তাতে সাড়া দেয়ার সময় এসেছে।

জেনেভায় বুধবার আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান জারিফ। আফগানস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরান দেশটির সরকার ও জনগণকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে আফগান সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসানোর লক্ষ্যে সব পক্ষের চেষ্টা করা উচিত।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের তালেবান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসলেও কাবুল সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি হচ্ছে না। এ ছাড়া, তারা বেসামরিক অবস্থানের পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শক্তিশালী করেছে। 

মোহাম্মাদ জাওয়াদ জারিফ

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতি এসব দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চরমভাবে ব্যর্থ হয়েছে। উল্টো পশ্চিমা সেনা উপস্থিতির ফলে এসব দেশে উগ্রবাদের বিস্তার হয়েছে। তিনি বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের উপস্থিতি এখন আফগানিস্তানের সামনে আরো বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ ও মাদক পাচার একে অপরকে শক্তিশালী হতে সহায়তা করেছে। এই দুই সংকট নিরসনের জন্য আফগানিস্তানের অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন। জাতিসংঘের উদ্যোগে জেনেভায় মঙ্গলবার আফগানিস্তান বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।  অন্তত ৬০ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সম্মেলনে ভাষণ দেন এবং বৃহস্পতিবার এ সম্মেলন শেষ হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯