মার্কিন নৌযানগুলোর জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে ইরান
-
রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং সফলভাবে সব নিষেধাজ্ঞা মোকাবিলা করেছে। আজ ইরানের টিভি চ্যানেল ওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
খানযাদি আরও বলেছেন, ইরান নিজেই উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম তৈরি করছে। এসবই উন্নত দেশগুলোতে তৈরি সামরিক সরঞ্জামের সমপর্যায়ের। তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি বিশেষজ্ঞরা সমরাস্ত্র নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
নৌপ্রধান বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর মার্কিন জাহাজগুলো সহজে ছাড় পাবে না। বেশ কিছু দিন ধরে এই অঞ্চলে কোনো মার্কিন জাহাজ ও নৌযান দেখা যাচ্ছে না বলে তিনি জানান।
খানযাদি বলেন, মার্কিন নৌযানগুলো যদি এই অঞ্চলে থাকতে চায় তাহলে তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যেই থাকতে হবে। ইরান আগামীতে মার্কিন নৌযানগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
মার্কিন বাহিনী পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাগরে অবৈধ তৎপরতা চালাচ্ছে। বিশ্বের অন্য প্রান্ত থেকে এসে এই অঞ্চলের সাগরে মার্কিন তৎপরতাকে সব দেশের জন্যই অবমাননাকর বলে বলে মনে করে ইরান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২