২ দিনের সামরিক মহড়ায় নেমেছে ইরানের বিমান বাহিনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী আজ দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় বোমারু বিমান, পাইলটবিহীন বিমান বা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র অংশ গ্রহণ করছে। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা যাচাই করা এবং শত্রুর হুমকি থেকে আকাশসীমা রক্ষা করার লক্ষ্য নিয়ে এ মহড়া চালানো হচ্ছে।
‘ডিফেন্ডার্স অব বেলায়েত স্কাইস’ নামের এই মহড়া ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের ‘শাহিদ বাবাই’ বিমান ঘাঁটিতে শুরু হয়েছে। ইরানের সামরিক বাহিনীর বার্ষিক মহড়ার অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে। ইরানের বিমান বাহিনী এ নিয়ে আষ্টমবারের মতো এমন ব্যাপকভিত্তিক বিমান মহড়ার আয়োজন করল। এদিকে, শাহিদ বাবাই ছাড়া গোটা ইরানের অন্যান্য বিমান ঘাঁটিও এ মহড়ায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল আলীরেজা আংগিজে।
মহড়ায় ইরানের কয়েক ডজন বোমারু বিমান, আক্রমণকারী এবং প্রতিরক্ষায় নিয়োজিত বিমানের পরীক্ষা চালানো হবে। পাশাপাশি মহড়ায় ড্রোন, টহল বিমান, জ্বালানি ভরার কাজে নিয়োজিত বিমান এবং পরিবহন বিমানের পরীক্ষাও চলবে।
মহড়ায় অংশগ্রহণকারী বিমানগুলো অন্যতম হচ্ছে সুখোই সু-২৪, এফ-৪ এবং এফ-৭ ফ্যান্টম, মিগ-২৯, এফ-১৪ জঙ্গি বিমান, বোয়িং ৭০৭ এবং জ্বালানি ভরার কাজে ব্যবহৃত ৭০৪৭ বিমান, পরিবহন বিমান সি-১৩০ হারক্যুলিস। পাশাপাশি সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার স্মার্ট বোমা সজ্জিত পাইলটবিহীন বিমানও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট এবং বোমাসহ লেজার নিয়ন্ত্রিত, রাডার ফাঁকি দিতে সক্ষম এবং তাপ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হবে। #
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন