পায়ের নিচের টানেলের খবর না জানা ইসরাইলের জন্য বড় লজ্জা: শামখানি
-
আলী শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে যে, তাদের পায়ের নিচে শত শত কিলোমিটার টানেল তৈরি করা হলেও তারা এ বিষয়ে কিছুই জানতে পারে নি। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে বিজ্ঞান ও শিল্প বিশ্ববিদ্যালয়ে মহাকাশ প্রযুক্তি বিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল নিজেকে গোয়েন্দাবৃত্তিতে সবচেয়ে অগ্রগামী বলে দাবি করে থাকে। কিন্তু তারা যখন এ ধরনের বড় বড় বুলি আওড়াচ্ছে তখন তাদের মন্ত্রিসভা থেকেই গোপন তথ্য বেরিয়ে গেছে বলে বুঝতে পেরেছে এবং বহু পরে জানতে পেরেছে তাদের পায়ে নিচে শত শত কিলোমিটার টানেল তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ইহুদিবাদীরা এখন এটাও জানতে পেরেছে যে, ফিলিস্তিনের গাজা ও লেবাননের প্রতিরোধ সংগ্রামীদের হাতে রয়েছে নিখুঁতভাবে আঘাত হানার মতো অসংখ্য ক্ষেপণাস্ত্র। হামলার শিকার হলে তারা এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলকে জাহান্নামে পরিণত করবে।
ইহুদিবাদীরা নিজেদের নানা ব্যর্থতা ঢাকতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি জানান। শামখানি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে প্রযুক্তিগত কোনো প্রতিবন্ধকতা নেই। তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯