আমেরিকার আলোচনার প্রস্তাব প্রহসন, ওরাই সব পথ বন্ধ করেছে: ইরান
-
সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, প্রতিশ্রুতি লঙ্ঘনের পাশাপাশি নানা ধরণের দাম্ভিক আচরণের মাধ্যমে আমেরিকা আলোচনার সব ধরণের পথ বন্ধ করে দিয়েছে। আমেরিকা আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশের পর তিনি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
মুসাভি বলেন, পরমাণু সমঝোতা সই করার পর আমেরিকা অন্যায়ভাবে তা থেকে বেরিয়ে গেছে। এরপরও মার্কিনীদের আলোচনার প্রস্তাব প্রহসন ছাড়া আর কিছু নয়। ইরান তাদের আলোচনার প্রস্তাবকে গুরুত্ব দেয় না। মার্কিন সরকারও এ বিষয়ে আন্তরিক নয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকা যদি সত্যিই আলোচনায় বিশ্বাস করতো তাহলে তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেত না। কারণ পরমাণু সমঝোতা ছিল আলোচনার সর্বোত্তম ক্ষেত্র। এর মাধ্যমে সব দেশ একক লক্ষ্যে পৌঁছাতে পারতো। তিনি বলেন, ইরান শত্রুদের নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছে। একইসঙ্গে নিষেধাজ্ঞাকে কীভাবে এড়িয়ে চলতে হয় সে বিষয়টিও ইরানের জানা আছে।
আমেরিকার বর্তমান সরকারের আচরণ থেকে স্পষ্ট তাদের সঙ্গে আন্তর্জাতিক ইস্যুতে কোনো ধরণের সহযোগিতা সম্ভব নয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫