মার্কিন চাপের মুখে আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না ইরান: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
মার্কিন চাপ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মুখে ইরান তার আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরান কারো সঙ্গে যুদ্ধের প্রত্যাশী নয় তবে আক্রান্ত হলে নিজের জল, স্থল ও আকাশসীমা রক্ষা করবে তেহরান।
তিনি ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পহান প্রদেশ থেকে প্রেসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। জারিফ বলেন, মার্কিন নিষিধাজ্ঞা ও হুমকির মুখে ইরান কখনো তার আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনবে না।
গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরান সৌহার্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃসুলভ আচরণ করবে তাদের সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক রাখব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানকে একটি ‘স্বাভাবিক রাষ্ট্রে’র মতো আচরণ করতে হবে। ট্রাম্প ইরানকে যে স্বাভাবিক রাষ্ট্রের মতো আচরণ করতে বলেছেন, তার অর্থ হচ্ছে ইরানকে আমেরিকার আজ্ঞাবহ হয়ে থাকতে হবে। কিন্তু ইরান শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্টের আবদার প্রত্যাখ্যান করে বলে এসেছে, একটি স্বাধীনচেতা দেশ এবং এদেশের জনগণ কখনো বিদেশি আধিপত্য মেনে নেবে না।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২১