মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রশংসা করল ইরানের সংসদ
-
ইরানের জাতীয় সংসদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মার্কিন গোয়েন্দা ড্রোন 'গ্লোবাল হক' ভূপাতিত করার পদক্ষেপের প্রশংসা করেছে। আজ (রোববার) ইরানি সাংসদরা এক বিবৃতিতে বলেছেন, ইরান ওই গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ফলে মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধের হিসাব-নিকাশ উলটপালট হয়ে গেছে এবং আগ্রাসীদের আর কোনো ড্রোন ইরানের আকাশে ঢোকার সাহস পাবে না।
প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের শক্তিশালী অবস্থান সম্পর্কে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের স্বীকারোক্তির কথা তুলে ধরে ওই বিবৃতিতে বলা হয়, ইরান প্রতিরক্ষা শক্তি জোরদার এবং সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত রাখবে।
ইরানি সাংসদদের বিবৃতিতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোকে তাদের অতীত ভুল শোধরে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করেছে। কয়েক বার সতর্ক করার পরও মার্কিন ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে তা ধ্বংস করা হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।