ভিডিও প্রকাশের পরও ট্রাম্পের দাবি: ‘ইরানি ড্রোন ভূপাতিত হয়েছে’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভিডিও ফুটেজ প্রকাশ করে মার্কিন দাবি উড়িয়ে দেয়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার বাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, “আমেরিকা যে ড্রোনটি ভূপাতিত করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই।”
এর আগে বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট প্রথম দাবি করেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার থেকে গুলে করে একটি ইরানি ড্রোন ফেলে দেয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়, পারস্য উপসাগরে টহলরত কোনো ড্রোন খোয়া যায়নি বরং সবগুলো ড্রোন নিরাপদে ইরানে তাদের ঘাঁটিগুলোতে ফিরে এসেছে।
এরপর শুক্রবার রাতে ট্রাম্পের উল্লেখিত ড্রোনটি থেকে ইউএসএস বক্সারের তোলা ভিডিও ফুটেজ প্রকাশ করে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী অতিক্রমের সময় টানা তিন ঘণ্টা ইউএসএস বক্সারের মাথার উপরে ড্রোনটি অবস্থান করছিল এবং এটির গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি এটির ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের ড্রোনটি সামনে, পেছনে ও উপর থেকে নানা অ্যাঙ্গেলে ইউএসএস বক্সারের ভিডিও সংগ্রহ করছে কিন্তু ওই মার্কিন যুদ্ধজাহাজ থেকে ড্রোনটির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি পারস্য উপসাগরে তার দেশের কোনো ড্রোন হারানোর খবর নাকচ করে দিয়ে শুক্রবার সকালে এক ব্যঙ্গাত্মক টুইটার বার্তায় বলেন, “আমার মনে হয়, ইউএসএস বক্সার ভুল করে নিজেদেরই একটি ড্রোন গুলি করে ফেলে দিয়েছে।”#
পার্সটুডে/এমএমআই/২০