ফ্রান্সের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করল ইরান
-
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ (ফাইল ছবি)
পরমাণু সমঝোতাকে বাঁচিয়ে রাখার জন্য ফ্রান্সের পক্ষ থেকে চূড়ান্ত ও নির্ভরযোগ্য প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, গত দু’সপ্তাহে পরমাণু সমঝোতা রক্ষা করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টরা কয়েক দফা টেলিফোনে কথা বললেও সেখানে নীতি নির্ধারণী কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
মুসাভি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইউরোপের সঙ্গে আর্থিক লেনদেন করার জন্য ইনসটেক্স নামক যে বিশেষ ব্যবস্থা চালু করার কথা এর আগে জানানো হয়েছিল টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তা চালু করার জন্য ১,৫০০ কোটি ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছেন।
একইসঙ্গে প্রেসিডেন্ট ম্যাকরন প্যারিসে অনুষ্ঠেয় শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জিসেভেনের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে আমন্ত্রণ জানিয়েছেন।
সাইয়্যেদ মুসাভি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনালাপে বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনোটিই চূড়ান্ত হয়নি। কোনো কোনো ইরানি ও বিদেশি গণমাধ্যমে এ ধরনের জল্পনা চলছিল যে, ফরাসি প্রেসিডেন্ট পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানকে উল্লেখযোগ্য ও নীতি নির্ধারণকারী এমন কিছু প্রস্তাব দিয়েছেন যাতে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এক বছর ধরে ইউরোপীয় দেশগুলো কালক্ষেপনের পর তেহরান যখন তার পরমাণু প্রতিশ্রুতির কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে তখনই কেবল ইউরোপীয়রা নড়েচড়ে বসে। এ ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালাচ্ছেন এবং তেহরান এ প্রচেষ্টাকে স্বাগত জানায় বলে মুসাভি উল্লেখ করেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের এ প্রচেষ্টার অংশ হিসেবে এরইমধ্যে তার বিশেষ দূত তেহরান সফর করে গেছেন এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে প্যারিস সফর করেছেন।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।