মার্কিন আদালতের রুলিং মানে না ইরান: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট থেকে দেয়া রুলিংকে তেহরান স্বীকার করে না। ওই রুলিংয়ে বলা হয়েছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলার শিকার মার্কিন নাগরিকদের পরিবার পরিজনকে ইরান ২০০ কোটি ডলার পরিশোধ করবে। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ থেকে এ অর্থের সংস্থান করার জন্য মার্কিন আদালত দেশটির সরকারকে কর্তৃত্ব দিয়েছে।
মার্কিন আদালতের এ রুলিংয়ের বিরুদ্ধে গতকাল (বৃহস্পতিবার) নিউ ইয়র্কে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে জাতিসংঘে বিতর্ক এবং প্যারিস জলবায়ু সম্মেলনের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি গত সোমবার থেকে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এছাড়া, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন জারিফ।
তিনি বলেন, “আমরা এরইমধ্যে বলেছি যে, মার্কিন আদালতের রুলিং আমরা স্বীকার করি না এবং মার্কিন সরকার তা খুব ভালো করেই জানে। এছাড়া, আমেরিকা এও জানে যে, ইরানের সম্পদ নিয়ে যে পদক্ষেপই নেয়া হোক না কেন ভবিষ্যতে সে সম্পদ তেহরানকে ঠিকই ফেরত দিতে হবে।”
গত বুধবার মার্কিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে যে, ইরানের আটকে থাকা সম্পদ থেকে বৈরুত বোমা হামলায় হতাহতদের পরিবারকে অর্থ দিতে হবে। ওই হামলায় মার্কিন মেরিন সেনারা হতাহতের শিকার হয় এবং সেজন্য ইরানকে দায়ী করা হয়েছিল। তবে ইরান মার্কিন দাবি নাকচ করে আসছে।#
সিরাজুল ইসলাম/২২