তেহরান-মস্কো-বাকুর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i74742-তেহরান_মস্কো_বাকুর_মধ্যে_সহযোগিতা_জোরদার_করতে_হবে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। ন্যাম সম্মেরল যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট রুহানি আজারবাইজান সফর করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ০৫:০৪ Asia/Dhaka
  • হাসান রুহানি (বামে) ও ইলহাম আলিয়েভের বৈঠক
    হাসান রুহানি (বামে) ও ইলহাম আলিয়েভের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। ন্যাম সম্মেরল যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট রুহানি আজারবাইজান সফর করছেন।

বৈঠকে প্রেসিডেন্ট রুহানি তেহরান ও বাকুর মধ্যকার বর্তমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক আরো জোরদার করার জন্য ইরান প্রস্তুত রয়েছে। কাস্পিয়ান সাগরকে তিনি উন্নয়ন, শান্তি এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ইরান সব সময় কাস্পিয়ান সাগরের সম্পদ আহরণ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আজারবাইজানের সঙ্গে সমুদ্র সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের সরকার এবং জনগণ সবসময়ই আন্তর্জাতিক ফোরামে আজারবাইজানের পাশে থেকেছে। দু'দেশের মধ্যকার ঐক্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ইরান, আজারবাইজান এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরো জোরদার করা উচিত।

বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে তার দেশের বাণিজ্য শতকরা ৭০ ভাগ বেড়েছে। দু'দেশের যৌথ কমিশনের অধীনে বাণিজ্যের এই উন্নয়নের প্রশংসা করে আলিয়েভ বলেন-  জ্বালানী, ব্যাংকিং, শিল্প এবং পরিবহনের অবকাঠামোগত উন্নয়ন ভালোভাবে এগিয়ে চলেছে। আজেরি প্রেসিডেন্ট জানান, দু'দেশের উদ্যোগে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের নির্মাণকাজে অনেক অগ্রগতি হয়েছে। এই করিডোর ভারত মহাসাগর এবং পারস্য উপসাগর হয়ে ইরান-রাশিয়া এবং উত্তর ইউরোপকে সংযুক্ত করবে।#

পার্সটুডে/এসআইবি/২৫