কনস্যুলার মিশন সম্পর্কে মার্কিন গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান করল ইরান
-
তেহরানস্থ সুইস দূতাবাস (ফাইল ছবি)
তেহরানস্থ সুইজারল্যান্ড দূতাবাসে ইরান একটি কনস্যুলার বিভাগ খোলার আবেদন করেছে বলে মার্কিন গণমাধ্যমে যে দাবি করা হয়েছে তা ‘কঠোর ভাষায়’ প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করেছিল তেহরানের সুইস দূতাবাসে একটি কনস্যুলার সার্ভিস বিভাগ চালু করার জন্য ইরান ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার তেহরানে এক বিবৃতিতে বলেছেন, মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ খবরের কোনো ভিত্তি নেই এবং তা সম্পূর্ণ অসত্য।
ইরানের সঙ্গে আমেরিকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই; তবে তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে।
ওয়াল স্ট্রিট জার্নাল রোববার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময় নিয়ে আলোচনা করার সুবিধার্তে তেহরানের পক্ষ থেকে ওই কনস্যুলার বিভাগ খোলার আবেদন জানানো হয়। দৈনিকটি আরো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের আবেদনের ব্যাপারে এখনো কোনো জবাব দেয়নি।
মার্কিন সরকার ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতায় পৌঁছার জন্য সাম্প্রতিক সময়ে বহুবার আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে না আসা পর্যন্ত আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না। ট্রাম্প প্রশাসন ২০১৮ সালের মে মাসে একতরফভাবে ওই সমঝোতা থেকে বেরিয়ে গেছে।
অবশ্য দু’দেশের হাতে আটক পরস্পরের বন্দি বিনিময় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রেসিডেন্ট হাসান রুহানি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের সময় আভাস দিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।