ইরানের কিছু দুর্বৃত্তের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমর্থন: নিন্দা জানাল তেহরান
ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানোর প্রতিবাদের নামে কিছু দুর্বৃত্ত বিভিন্ন শহরে যে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর প্রতিবাদে তেহরান বলেছে, পম্পেওদের সমর্থনপুষ্ট কিছু দুর্বৃত্ত ও নাশকতাকারী কখনোই বিচক্ষণ ও সভ্য ইরানি জাতির প্রতিনিধিত্ব করে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্লজ্জ হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে গতকাল (রোববার) এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের শান্তিকামী মানুষ এটা খুব ভালো করে জানে যে, (পম্পেওর) এ ধরনের প্রতারণামূলক সমর্থন কোনো অবস্থাতেই ইরানি জনগণের প্রতি আমেরিকার আন্তরিক ভালোবাসা ও সমবেদনার নিদর্শন নয়।
ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার কিছু মানুষ যে বিক্ষিপ্ত বিক্ষোভ করে তাতে এদেশের প্রধান শত্রু আমেরিকা সন্তোষ প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেরি না করে তাৎক্ষণিকভাবে এক টুইটার বার্তায় বলেন, ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। ইরানি জনগণকে চিনতে ব্যর্থ এই মার্কিন কর্মকর্তা ওই টুইটার বার্তার মাধ্যমে মূলত ইরানের কিছু নাশকতাকারীর প্রতিই সমর্থন জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, পম্পেও এমন একটি দেশের কথিত জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন যে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে এদেশের মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে ওয়াশিংটন। মুসাভি বলেন, এই পম্পেও কয়েকদিন আগে বলেছিলেন, ইরানি জনগণকে ক্ষুধার কষ্ট ভোগ করালে তারা আমেরিকার দাবির কাছে আত্মসমর্পন করবে। #
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।