ফোর্দো পরমাণু স্থাপনায় রাশিয়া সহযোগিতা বন্ধ করে নি: ইরান
-
ফোর্দো পরমাণু স্থাপনা (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরান জানিয়েছে, দেশের ফোর্দো পরমাণু স্থাপনায় সহযোগিতা অব্যাহত রেখেছে রাশিয়া। সম্প্রতি খবর বের হয়েছে যে, রাশিয়া ওই স্থাপনায় ইরানকে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া পরমাণু স্থাপনায় সহযোগিতা দেয়া বন্ধ করেছে বলে যে খবর বের হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, সম্প্রতি ফোর্দো পরমাণু স্থাপনায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, সে কারণে সেখানে কর্মকাণ্ড স্থগিত ছিল। রাশিয়া এবং ইরানের বিশেষজ্ঞরা খুঁজে ওই ত্রুটি খুঁজে বের করেছেন।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা হয়েছিল তার আলোকে রাশিয়া ইরানকে পরমাণু স্থাপনায় স্থিতিশীল আইসোটোপ উৎপাদনের ব্যাপারে সহযোগিতা করে আসছে।
কিন্তু গত নভেম্বর মাসে আমেরিকা ঘোষণা করেছে, ইরানের পরমাণু স্থাপনায় সহযোগিতার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছাড় ছিল তা প্রত্যাহার করে নেয়া হবে। তারপর থেকে জল্পনা ছড়িয়ে পড়ে যে, ইরানের পরমাণু স্থাপনায় রাশিয়া সহযোগিতা দেয়া বন্ধ করতে পারে। সম্প্রতি ফোর্দো পরমাণু স্থাপনায় পুরোদমে কাজ শুরুর জন্য ইরান নতুন করে গ্যাস ঢুকিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৬