মার্কিন নিষেধাজ্ঞা হচ্ছে সাধারণ মানুষের জন্য শাস্তি: রাভানচি
-
মাজিদ তাখতে রাভানচি
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, তার দেশের ওপর মার্কিন সরকার যে অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে তা ইরানের সাধারণ জনগণকে শাস্তি দেয়া ছাড়া আর কিছু নয়। তিনি মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে নিরাপত্তা পরিষদের পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। রাভানচি বলেন, আমেরিকা সরাসরি যুদ্ধের পথ বেছে নিতে পারছে না আবার যুদ্ধের বিকল্প কোনো পন্থা খুঁজে পাচ্ছে না; এক্ষেত্রে তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপরে অবৈধ নিষেধাজ্ঞা আরোপের পথ বেছে নিয়েছে যা যুদ্ধের সমতুল্য।
ইরানের এ কূটনীতিক বলেন, ২০১৮ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে যে রুলিং দিয়েছে তা লঙ্ঘন করে আমেরিকা খাদ্য এবং চিকিৎসাপণ্যকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত সেসময় ইরানের বেসামরিক বিমান সংস্থা ও মানবিক পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দেয় আমেরিকাকে।
মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ, অনৈতিক, অমানবিক এবং নিষ্ঠুর বলে উল্লেখ করেন মাজিদ তাখতে রাভানচি। তিনি বলেন, এটি মানবতার জন্য লজ্জা যে, মার্কিন সরকার জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যা অনেক অসুস্থ রোগীর জন্য বড় রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২০