আমেরিকার ‘নিষেধাজ্ঞা-আসক্তি’র বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আমেরিকার ‘বেপরোয়া নেশায়’ পরিণত হয়েছে এবং এই আসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি গতরাতে এক টুইটার বার্তায় ওই আহ্বান জানান। নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তির কথা উল্লেখ করে জারিফ লিখেছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা ও সংকল্প থাকা প্রয়োজন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি এখন দেশটির জন্য দুরারোগ্য ব্যধিতে পরিণত হয়েছে এবং এটি প্রতিহত করা সম্ভব না হলে এর হাত থেকে ওয়াশিংটনের শত্রু-মিত্র কেউই রক্ষা পাবে না।
সাম্প্রতিক মাসগুলোতে শত্রু দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন সরকার।
২০২০ সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটে ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের মতো শত্রুভাবাপন্ন দেশগুলো ছাড়াও তুরস্ক এবং ইউরোপের অনেক দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দেয়া হয়েছে। এ ছাড়া, রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার অভিযোগে নিজের অপর দুই মিত্র দেশ ভারত ও রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।