ইরানের সাংস্কৃতিক স্থাপনার ওপর ট্রাম্পের হামলার হুমকি: জারিফের নিন্দা
https://parstoday.ir/bn/news/iran-i76988-ইরানের_সাংস্কৃতিক_স্থাপনার_ওপর_ট্রাম্পের_হামলার_হুমকি_জারিফের_নিন্দা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন তা আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ত্রাসবাদের সমতুল্য।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৭, ২০২০ ১৩:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ইরানের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন তা আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ত্রাসবাদের সমতুল্য।

আজ (সোমবার) রাজধানী তেহরানে জাতীয় গ্রন্থাগারে আয়োজিত একটি সাংস্কৃতিক সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, সমসাময়িক ইতিহাসে কিছু যুদ্ধবাজ এবং সন্ত্রাসী গোষ্ঠী আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পদ বা ঐতিহ্যের ওপর হামলা চালিয়ে যেসব ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর সঙ্গে মার্কিন হুমকির মিল রয়েছে। এ সময় তিনি আফগানিস্তানে ২০০১ সালে উগ্র গোষ্ঠী তালেবানের বৌদ্ধ মুর্তি ধ্বংস এবং ২০১৪ ও ২০১৫ সালে ইরাক ও সিরিয়ায় তাকফিরি গোষ্ঠী দায়েশের সাংস্কৃতিক প্রত্মতত্ত্ব ধ্বংসের প্রতি ইঙ্গিত করেন।    

জারিফ বলেন, ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে কেবল সামরিক হামলার হুমকি দিচ্ছেন না বরং তিনি ইরানের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর ব্যাপারে প্রকাশ্যে বলে বেড়িয়েছেন।

সম্প্রতি মার্কিন বাহিনীর সন্ত্রাসী হামলায় বাগদাদে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর ইরান কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ওই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছিলেন, তিনি ইরানের বহু সাংস্কৃতিক স্থাপনাসহ দেশটির মোট ৫২টি স্থাপনা  চিহ্নিত করেছেন এবং মার্কিন স্বার্থে আঘাত আসলে এসব স্থাপনায় হামলা চালানো হবে।

এছাড়া, ইরান এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেন, মহান ব্যক্তি কাসেম সুলাইমানিকে হত্যা করে আমেরিকা নির্লজ্জভাবে গর্ববোধ করছে। অথচ তিনি এ অঞ্চলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং গোটা বিশ্ব তার কাছে ঋণী।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।