করোনাভাইরাস নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করলেন জারিফ
চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের পাশাপাশি দ্বিপক্ষীয় আরো কিছু বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
এ সময় প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণ ও তা ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ধরনের মানবিক বিষয় নিয়ে রাজনীতি করার চরম বিরোধিতা করেন।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীনের উহান শহর থেকে ইরানি নাগরিকদের দেশে ফিরতে সার্বিক সহযোগিতা করার জন্য বেইজিং সরকারের প্রশংসা করেন।
টেলিফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস নিয়ে তার দেশের চলমান বিপর্যয়কর পরিস্থিতিতে চীনের পাশে দাঁড়ানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। দেশটির উহান শহরকেই এই করোনাভাইরাসের আঁতুড়ঘর বলা হচ্ছে। সেখানে এ পর্যন্ত এ ভাইরাসে অন্তত ৩৫০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর জানিয়েছে চীনের শিনহুয়া নিউজ এজেন্সি।তবে স্থানীয়দের দাবি এ মৃতের সংখ্যা আরও অনেক বেশি।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।