প্রতিবেশীদের নিরাপত্তাকে তেহরান নিজের নিরাপত্তা বলে মনে করে: জারিফ
-
পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে তেহরান নিজের নিরাপত্তা বলে মনে করে এবং আমরা সবার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছি।
তিনি নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার জন্য বর্তমানে জার্মানির মিউনিখে অবস্থান করছেন। সেখানে তিনি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে আরো বলেছেন, ইরান প্রতিবেশী কোনো দেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের উদ্যোগের প্রতি কুয়েত, কাতার, ওমান ও ইরাকের ইতিবাচক সাড়া দেয়ার কথা উল্লেখ করে জারিফ বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এখনো এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।
এর আগেও অনুষ্ঠিত মিউনিখ সম্মেলনে দেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে এ অঞ্চলে নিরাপত্তা জোরদারে ইরানের অবস্থানের বিষয়টি ফুটে উঠেছে। এসব সম্মেলনে যদিও বিশ্বব্যাপী নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না বরং কেবলমাত্র প্রতিটি দেশ নিজের মতামত ও অবস্থান তুলে ধরে মাত্র। এ বছরও এমন সময় মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে আর এই পরিবর্তনের মূল কেন্দ্র হচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চল। আমেরিকার ভুল নীতির কারণে এ অঞ্চলে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আল কায়দা সৃষ্টি করা থেকে শুরু করে আইএস সন্ত্রাসীদের সহায়তা দানে মার্কিন ভূমিকা এবং আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা সারা বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিকে সংকটের মধ্যে ফেলেছে।
সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিয়ে আমেরিকা গোটা পশ্চিম এশিয়াকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। দশকের পর দশক ধরে মার্কিন ভুল নীতির কারণে এ অঞ্চলে আমেরিকার প্রায় সাত ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও পূর্বসূরিদের মতোই ভুল করে চলেছেন। কিন্তু এতে তাদের কোনো লাভ হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল টুইটবার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা তাকে ভুল পরামর্শ দিচ্ছেন যার ফলে তিনি একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছেন।
যাইহোক, পশ্চিম এশিয়ায় ইরানের ভূমিকার ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক সাইয়্যেদ বাকের জাকি বলেছেন, ইরান প্রমাণ করেছে বিরাজমান হুমকি মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলো কার্যকর পদক্ষেপ নিতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, যতক্ষণ পর্যন্ত এ অঞ্চলের দেশগুলো শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সম্মিলিত পদক্ষেপ নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সংঘাত ও অশান্তি চলতেই থাকবে।
এ অবস্থায় জার্মানির মিউনিখ সম্মেলন বিরাজমান পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন, এ অঞ্চলের দেশগুলোকে এটা জেনে রাখা উচিত আমেরিকা ও ইসরাইলের পক্ষে পশ্চিম এশিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬