করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i78347-করোনাভাইরাসে_আক্রান্তের_সর্বোচ্চ_মাত্রা_অতিক্রম_করেছে_ইরান_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি এ রোগে মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে ঘোষণা করেছেন। তিনি সোমবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদপ্তরে এক বৈঠকে এ তথ্য জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২০ ০৩:২৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি এ রোগে মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে ঘোষণা করেছেন। তিনি সোমবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদপ্তরে এক বৈঠকে এ তথ্য জানান।

তিনি এ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করার জন্য চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। কোভিড-১৯ রোগ সম্পর্কে সারাদেশের পরিস্থিতি জানানোর জন্য ইরানের সবগুলো প্রদেশের গভর্নররা এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যুক্ত হন।

ইরানের সবগুলো প্রদেশের গভর্নররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যুক্ত হন

হাসান রুহানি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে বিপদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।তিনি বলেন, সারাদেশ থেকে আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান। 

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

ইরানে এ পর্যন্ত ১৪ হাজার ৯৯১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে  চার হাজার ৯৯৬ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, ইরানে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।