মার্কিন নীতির কারণে বিশ্বযুদ্ধ হতে পারে: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, আমেরিকার দ্বৈতনীতি অনুসরণের কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। নিজ স্বার্থ রক্ষার জন্য মার্কিন অনুসৃত দ্বৈতনীতির প্রতি নিন্দাও জানান তিনি। রাশিয়ার রাজধানীতে অনুষ্ঠানরত ৫ম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় আজ (বুধবার) জেনারেল দেহকান এসব কথা বলেছেন।
তিনি বলেন, “নিজের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা দ্বৈত কিংবা বহুমুখী নীতি অনুসরণ করছে। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই অংশ হিসেবে তারা প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে এবং এ কারণে তারা ব্যয়বহুল যুদ্ধও চাপিয়ে দিচ্ছে। এর ফলে আমরা বার বার একই ঘটনা ঘটতে দেখছি এবং এসব ঘটনার কারণে নতুন করে বিশ্বযুদ্ধও শুরু হতে পারে।”
ইরানের এ মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতার ক্ষেত্রে একমাত্র বাস্তবধর্মী ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিই সম্ভাব্য বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে। শত্রুতা বন্ধ ও মানবিক সহায়তার নামে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য তিনি আবারো আমরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের নিন্দা জানান।
তিনি বলেন, কিছু দেশ আছে যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৈরি করেছে, তারাই তাদেরকে পরিচালনা করছে এবং এসব দেশ চায় না যে, চলমান সহিংসতা বন্ধ হোক। তিনি ইরানের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও কথা বলেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের ওপর গুরুত্ব দিয়ে ৫ম মস্কো সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।#
সিরাজুল ইসলাম/২৭