২০০ কোটি ডলার ফেরৎ আনতে সব আইনি ব্যবস্থা নেবে ইরান: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সম্প্রতি তেহরানের ২০০ কোটি ডলার বাজেয়াপ্ত করার জন্য মার্কিন আদালত যে রুলিং দিয়েছে তা ফেরৎ আনার জন্য আইনি সব ব্যবস্থা নেবে ইসলামী প্রজাতন্ত্র। জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন জারিফ।
জারিফ বলেছেন, মার্কিন সুপ্রিম কোর্টের রুলিং’এর বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেয়ার অধিকার ইরানের আছে। মার্কিন সুপ্রিম কোর্টের রুলিং’এর মাধ্যমে বাজেয়াপ্ত করা অর্থের মালিক সেন্ট্রাল ব্যাংক অব ইরান বা সিবিআই। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এ অর্থ জব্দ করা হয়েছিল।
এ অর্থ বাজেয়াপ্ত করার ঘটনাকে এর আগে রাহাজানি হিসেবে উল্লেখ করেছিলেন জারিফ। আমেরিকার একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এটা চুরি। ভয়াবহ চুরি। এটা একটা রাহাজানি মতো ঘটনা। এবং আপনি বিশ্বাস করুন, আমরা এ সম্পদ অবশ্যই ফেরত নেব।”
মার্কিন সুপ্রিম কোর্ট রুলিং দাবি করা হয়েছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারকে আমেরিকায় আটকে থাকা ২০০ কোটি ডলার দিতে হবে। ওই হামলার জন্য আমেরিকা ইরানকে দায়ী করলেও তেহরান সবসময় এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।#
মূসা রেজা/২৯