আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় কোনো আলোচনার ফল ছিল না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80461-আমেরিকার_সঙ্গে_বন্দি_বিনিময়_কোনো_আলোচনার_ফল_ছিল_না_ইরান
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক বন্দি বিনিময় দু’দেশের মধ্যে কোনো আলোচনার ফলাফল ছিল না; কাজেই ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০২০ ০০:৫৯ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক বন্দি বিনিময় দু’দেশের মধ্যে কোনো আলোচনার ফলাফল ছিল না; কাজেই ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এক টুইটার বার্তায় বলেছিলেন, ইরানের সঙ্গে তার দেশে বন্দি বিনিময় প্রমাণ করে, দু’দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কাজেই তিনি তেহরানের সঙ্গে আবারো আলোচনায় বসে বৃহত্তর চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, করোনাভাইরাস মোকাবিলা এবং জাতিগত বিক্ষোভ নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্পের চরম ব্যর্থতার কারণে তার প্রশাসন এখন লোকদেখানো কিছু ভুয়া সাফল্য অর্জনের চেষ্টা করছে।

গত দু’দিনে আমেরিকার কারাগার থেকে ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি ও ইরানি ডাক্তার মাজিদ তাহেরি মুক্তি পেয়েছেন। সিরুস আসগারি এরইমধ্যে দেশে ফিরে এসেছেন। অন্যদিকে ইরানে আটক মার্কিন নাগরিক মাইকেল হোয়াইট মুক্তি পেয়ে শুক্রবার দেশে ফিরে গেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মাজিদ তাহেরির মুক্তির খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় লিখেছেন, তাহেরির মুক্তিতে প্রমাণ হয়েছে, আমেরিকায় পণবন্দি হিসেবে আটক সব ইরানিকে মুক্ত করা সম্ভব।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় হোয়াইটকে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আমেরিকার সঙ্গে বৃহত্তর সমঝোতা অর্জনের জন্য ইরান যেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করে। ট্রাম্প দাবি করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই বিজয়ী হবেন; কাজেই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় বসার জন্য ইরানের এখনই উপযুক্ত সময়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।