সাবেক মার্কিন নৌসেনাকে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে: ইরান
-
মাইকেল হোয়াইট (বামে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইটকে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে তবে এক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থকে বিশেষভাবে বিবেচনায় নেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো বন্দীকে মুক্তি দেয়ার বিষয়টি বিচার বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
আজ (মঙ্গলবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ইরানের বিচার বিভাগের আইনগত কাঠামোর আওতায় মানবিক দৃষ্টিকোণ থেকে মার্কিন সাবেক সেনা সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। এক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনায় নেয়ার পাশাপাশি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মতামতকেও গুরুত্ব দেয়া হয়েছে। গোলাম হোসেন ইসমাইলি বলেন, ইরানের বিচার বিভাগ হচ্ছে যেকোনো বন্দীকে মুক্তি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মূল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার মাইকেল হোয়াইটকে মুক্তি দেয়া হয়। তার আগে বন্দি বিনিময় চুক্তির আওতায় আমেরিকা ইরানের বিজ্ঞানী মাজিদ তাহেরিকে মুক্তি দেয়। প্রায় এক বছর ধরে তিনি মার্কিন কারাগারে মিথ্যা অভিযোগে আটক ছিলেন। এর একদিন আগে ইরানের বিজ্ঞানী সাইরুস আসকারিকে মার্কিন কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটকে ইরানের নিরাপত্তা সংক্রান্ত কিছু অভিযোগে আটক করা হয়। তিনি ইরানের অভ্যন্তরে এইচআইভি এইডস ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ ছিল।#
পার্সটুডে/এসআইবি/৯