করোনাভাইরাসের ভ্যাকসিনের মানব-পরীক্ষা শুরু করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81068-করোনাভাইরাসের_ভ্যাকসিনের_মানব_পরীক্ষা_শুরু_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরানি গবেষকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই মানুষের ওপর সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ৩০, ২০২০ ১৫:৫৯ Asia/Dhaka
  • করোনাভাইরাসের ভ্যাকসিনের মানব-পরীক্ষা শুরু করবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরানি গবেষকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই মানুষের ওপর সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে।

তিনি আজ (মঙ্গলবার) তেহরানে আন্তর্জাতিক ওষুধ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। নামাকি আরো বলেছেন, প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে। ইরানের গবেষকরা কয়েক মাস ধরে এই ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, সম্প্রতি ইরানে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদন বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ওষুধগুলোর চাহিদা মেটানো সম্ভব হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরান হচ্ছে ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ইরান ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সাঈদ নামাকি।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের তরুণদের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ইরান মাত্র ৬০ দিনের মধ্যে করোনা প্রতিরোধের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।  ইরানের রাজধানী তেহরানে আজ থেকে আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে। ভিডিও লিংকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।