আর্মেনিয়ার কাছে রুশ অস্ত্র পাঠানোর খবর নাকচ করল ইরান
-
আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানি দূতাবাস
আর্মেনিয়ার কাছে রুশ অস্ত্র পাঠানোর খবর নাকচ করেছে আজারবাইজানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস।
গতকাল (সোমবার) দূতাবাস এক বিবৃতিতে বলেছে, নরদুজ সীমান্ত ক্রসিং দিয়ে ইরান রুশ নির্মিত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি আর্মেনিয়ায় পাঠানোর সুযোগ করে দিয়েছে বলে কিছু গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা মিথ্যা। বিবৃতিতে আরো বলা হয়, ইরান ও আজারবাইজানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কে যারা খুশি নয় তারাই এ ধরনের খবর ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হলো- আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এ ধরনের খবর ছড়ানো প্রকৃতপক্ষে অন্তর্ঘাতমূলক তৎপরতা।
কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত কয়েক দশক ধরে তুমুল দ্বন্দ্ব চলে আসছে। ১৯৯০’র দিকে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজারবাইজানের কারাবাখ অঞ্চল দখল করে নেয়। ওই সংঘর্ষে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয় যা ১৯৯৪ সালে ভঙ্গুর এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। কার্যত দু পক্ষ এখনো যুদ্ধে লিপ্ত রয়েছে এবং স্থায়ী শান্তি চুক্তি অনেক দূরের ব্যাপার। এ অবস্থায় প্রতিবেশী দেশ হিসেবে ইরান বার বার সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে।#
পার্সটুডে/এসআইবি/৮