সিরিয়া থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করুন: ইরান
-
সিরিয়ায় মার্কিন সেনা
সিরিয়া থেকে সমস্ত বিদেশি দখলদার সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, আমেরিকাসহ অবৈধভাবে দেশের সেনা উপস্থিতি রয়েছে তাদের সবাইকে অবশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে চলে যেতে হবে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে দামেস্কের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান।
গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভিডিও টেলিকনফারেন্সের দেয়া বক্তৃতায় ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেন। গতকালের বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
রাভাঞ্চি বলেন, প্রতিটি দেশের সিরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত।
তিনি বলেন, সিরিয়ার সরকার যে সমস্ত দেশকে সেনা মোতায়েনের অনুমতি দেয় নি তাদেরকে অবশ্যই দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে হবে। সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১৭