বাইরের দেশগুলোকে অবশ্যই ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে: ইরান
-
আলী আকবর বেলায়েতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরাকি জনগণকে তাদের নিজেদের ভাগ্য ঠিক করার সুযোগ দিতে হবে। গতকাল (রোববার) সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের ইরাক বিষয়ক বিশেষ প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে ড. বেলায়েতি গুরুত্বের সঙ্গে ইরাকে বিদেশি হস্তক্ষেপ বন্ধের কথা তুলে ধরেন। তিনি বলেন, মহান ইরাকি জাতি ও দেশটির সরকারকে তাদের ভাগ্য নির্ধারণে সরাসরি ভূমিকা রাখার সুযোগ দিতে হবে কারণ ইরাকের সংস্কৃতি খুবই উন্নত।
ইরাকের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তিনি ইরানের পক্ষ থেকে যেকোন ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতেও ইরাকের সরকার ও জনগণের পাশে দাঁড়িয়েছে ইরান।
জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বেলায়েতি আরো বলেন, ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা ভুল করেছে এবং এটি ছিল তাদের সন্ত্রাসবাদী পদক্ষেপ।#
পার্সটুডে/এসআইবি/১