ইরান ছাড়া পরমাণুর সমঝোতা কেউ বাস্তবায়ন করে নি: জারিফ
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা শুধুমাত্র ইরান বাস্তবায়ন করেছে, এছাড়া অন্য কোনো স্বাক্ষরকারী দেশ এই সমঝোতা বাস্তবায়ন করে নি। এক্ষেত্রে বাকি দেশগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জারিফ বলেন, আমেরিকা এবং পরমাণু সমঝোতায় সই করা অন্য দেশগুলোর উচিত লোকদেখানো কথাবার্তা না বলে তাদের দায়িত্ব পরিপূর্ণ করা এবং এই আশ্বাস দেয়া যাচ্ছে যে, ইরানও অনুরূপ পদক্ষেপ নেবে। তিনি পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান।
২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের তিন দেশ শুধু ইরানকে মৌখিক সমর্থন দিয়েছে কিন্তু কাজে-কর্মে তারা সমঝোতা বাস্তবায়নের জন্য কিছুই করে নি। এ বিষয়টিকে জাওয়াদ জারিফ লোকদেখানো কথাবার্তা বলে উল্লেখ করাছেন।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং ধীরে ধীরে সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে। এখন জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পর তিনি পরমাণু সমঝোতায় ফেরার কথা বলছেন তবে তার আগে ইরানকে পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানাচ্ছে। ইরান বলছে, তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে।#
পার্সটুডে/এসআইবি/১০