‘সরকার পরিবর্তনে পরমাণু সমঝোতা সংক্রান্ত নীতিতে পরিবর্তন হবে না’
https://parstoday.ir/bn/news/iran-i94254-সরকার_পরিবর্তনে_পরমাণু_সমঝোতা_সংক্রান্ত_নীতিতে_পরিবর্তন_হবে_না’
ইরান বলেছে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটি যে পরমাণু সমঝোতা সই করেছে তা ইসলামি শাসনব্যবস্থার ‘মৌলিক অবস্থান’ মেনে করা হয়েছে; কাজেই সরকার পরিবর্তনের ফলে এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০৭, ২০২১ ০৯:৪৭ Asia/Dhaka
  • ভিয়েনার এই হোটেলে গত এপ্রিল থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে
    ভিয়েনার এই হোটেলে গত এপ্রিল থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে

ইরান বলেছে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটি যে পরমাণু সমঝোতা সই করেছে তা ইসলামি শাসনব্যবস্থার ‘মৌলিক অবস্থান’ মেনে করা হয়েছে; কাজেই সরকার পরিবর্তনের ফলে এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে কোনো চুক্তি সই করা সম্ভব হলে তাও নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’র সম্ভাব্য প্রশাসন মেনে চলবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রায়িসি এবং তিনি আগামী মাসের মাঝামাঝি সময়ে দেশ পরিচালনার দায়িত্ব বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে বুঝে নেবেন।

ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য রায়িসি সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে চায় বলে কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে তেহরানের অবস্থান স্পষ্ট করলেন। একইসঙ্গে তিনি একথাও বলেন, পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে চাইলে আগে আমেরিকাকে ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের এই মূলনীতিতেও সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।