কুর্দিস্তান কর্তৃপক্ষকে আইআরজিসি
'সন্ত্রাসীদের বহিষ্কার করুন নইলে আমরা ব্যবস্থা নেব'
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে অন্যথায় তাদের সমস্ত আস্তানা গুঁড়িয়ে দেবে ইরানের এই বাহিনী।
আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর গতকাল (বুধবার) কুর্দিস্তান কর্তৃপক্ষকে উদ্দেশ করে একথা বলেন।
তিনি বলেন, 'আমাদের অনুরোধ যদি না রাখা হয় তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং কুর্দিস্তানে অবস্থিত সন্ত্রাসী এবং বিপ্লব-বিরোধী গোষ্ঠীর তৎপরতা বন্ধ করতে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবো।' ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল পাকপুর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'সন্ত্রাসীরা কুর্দিস্তান অঞ্চলকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, তা হতে দেয়া হবে না।' জেনারেল পাকপুর বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য আইআরজিসি এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
এর আগেও আইআরজিসি বেশ কয়েকবার কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তাদের বহু ঘাঁটি ধ্বংস করেছে।#
পার্সটুডে/এসআইবি/এআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।