ইরানের 'জুলফিক্বার-১৪০০' সামরিক মহড়ার নানা দিক ও বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i99756-ইরানের_'জুলফিক্বার_১৪০০'_সামরিক_মহড়ার_নানা_দিক_ও_বার্তা
পবিত্র নাম হে রাসুলুল্লাহ (সা) বলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীগুলোর যৌথ মহড়া জুলফিক্বার-১৪০০ শুরু হয়েছে গতকাল রোববার থেকে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৯:৫৮ Asia/Dhaka
  • ইরানের আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষার দৃশ্য
    ইরানের আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষার দৃশ্য

পবিত্র নাম হে রাসুলুল্লাহ (সা) বলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীগুলোর যৌথ মহড়া জুলফিক্বার-১৪০০ শুরু হয়েছে গতকাল রোববার থেকে।

এই মহড়ায় অংশ নিচ্ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর সাঁজোয়া ইউনিট, পদাতিক ইউনিট, বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী নানা সিস্টেমসহ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার নানা ইউনিট, নৌ-বাহিনীর ভাসমান এবং ডুবো-জাহাজ জাতীয় নানা ধরনের জাহাজ। আর এই সব ইউনিটই ওমান সাগর সংলগ্ন মাকরান উপকূলে মহড়া চালাচ্ছে জঙ্গি বিমান ও ড্রোনগুলোর ছত্রছায়ায়। 

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার তাকি খানি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীগুলোকে সব সময় প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা-ক্ষমতা বাড়ানোই এই মহড়ার কয়েকটি মূল উদ্দেশ্য।  

দশ লাখ বর্গ-কিলোমিটার অঞ্চল জুড়ে চলমান এ মহড়ায় ইলেকট্রনিক যুদ্ধের নানা সক্ষমতার অনুশীলন এবং ইরানের তৈরি নানা ধরনের স্মার্ট সমরাস্ত্র ব্যবহার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ইরান শত্রুদের যে কোনো হুমকির মোকাবেলায় যে কঠোর জবাব দেয়ার ক্ষমতা রাখে তা তুলে ধরাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। 

আর ওমান সাগর-সংলগ্ন মাকরান উপকূলে এ মহড়া চালানো থেকেই এ অঞ্চলের নিরাপত্তারও বিশেষ কৌশলগত গুরুত্ব ফুটে উঠেছে।

জুলফিক্বার-১৪০০ শীর্ষক মহড়ার আরেকটি বড় দিক হল এতে উন্নত মানের আত্মঘাতী ড্রোনসহ নানা ধরনের ড্রোন ও আকাশ প্রতিরক্ষার নানা সিস্টেমের ব্যবহার। ইরানি নৌবাহিনীর সিমোর্গ নামের ড্রোন এই মহড়ায় ভাসমান লক্ষ্যবস্তুর ওপর নানা ধরনের স্মার্ট বোমা ও নিখুঁত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল অনুশীলন চালিয়েছে।  এ ছাড়াও গোয়েন্দা ড্রোনগুলোর সফল অনুশীলনও লক্ষণীয়।  

ব্রিটেনের এক গবেষণা-রিপোর্টে বলা হয়েছে, প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানে এক সর্বাত্মক বিপ্লব হয়েছে।  ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা এতই ব্যাপক ও শক্তিশালী যে শত্রুরা ইসলামী এই দেশটির ওপর হামলা চালানোর আগে অনেক ভাবনা চিন্তা করতে বাধ্য বলে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলে আসছেন। ইরানের সামরিক অগ্রগতির একটি বড় ভিত্তিই হল উচ্চতর সামরিক অভিজ্ঞতা। #

পার্সটুডে/এমএএইচ/৮