শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরানের প্রিয়জন আছে বলেই সান্ত্বনা পাই, আনন্দে ভাসি’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। চেয়ার পেতে বারান্দায় বসেছি। ভোরের কুয়াশা পেরিয়ে সূর্যের সোনালী আলো এসে লাগছে শরীরে। বাইরে লেবু গাছের ডালে দোয়েল পাখিটা এদিক সেদিক করছে খাবারের খোঁজে। স্মার্টফোনে গতকাল লাইভ প্রচারিত রেডিও তেহরান-এর অনুষ্ঠান শুনছি ইন্টারনেটে।
পবিত্র কুরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিল। এতোটাই ভালো লাগল যে, মন পবিত্রতার বিশুদ্ধ আবহে অপরূপ ভালোলাগায় হারিয়ে গেল কোনো এক স্বর্গরাজ্যে!
'দৃষ্টিপাতে' বাংলাদেশের স্থানীয় নির্বাচনের হালচাল শুনলাম। তাছাড়া গাজী আব্দুর রশীদ, আক্তার জাহান এবং আশরাফুর রহমান এর মধুকণ্ঠের হাদিসসহ অমৃত উপস্থাপনা 'প্রিয়জন অনুষ্ঠানকে এনে দিয়েছে অনন্য মাত্রা। প্রিয়জন আছে বলেই সান্ত্বনা পাই। আনন্দে ভাসি- হাসি, সুখ পাই প্রিয়জন শুনে। মজলুমদের দোয়া কবুল হওয়া বিষয়ক হাদিসটি শুনে তৃপ্ত হলাম আজকের আসরে।
তবে সবচেয়ে ভালো লেগেছে ইশরাক হোসাইন ও সাদমান সাকিবের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ নাতটি। চমৎকার করে গাওয়ার জন্য শিল্পীদ্বয়কে ধন্যবাদ। অনেকদিন পর রেডিও তেহরানের মাধ্যমে কিছুটা সময় আলোর স্নিগ্ধ পরশে সজীবতায় আনন্দে ভাসল হৃদয়। ধন্যবাদ রেডিও তেহরানকে।
শুভেচ্ছান্তে,
হারুন অর রশীদ
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।