‘রেডিও তেহরান: বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে এক আবেগের নাম’
https://parstoday.ir/bn/news/letter-i97478-রেডিও_তেহরান_বাংলা_ভাষাভাষী_শ্রোতাদের_কাছে_এক_আবেগের_নাম’
আসসালামু আলাইকুম। লেখার প্রারম্ভে আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সকলের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। ইদানীং ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে উঠছে না এজন্য মনটা ভীষণ খারাপ হয়। তাই আজ লিখতে বসলাম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২১ ০৮:০২ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান: বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে এক আবেগের নাম’

আসসালামু আলাইকুম। লেখার প্রারম্ভে আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সকলের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। ইদানীং ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে উঠছে না এজন্য মনটা ভীষণ খারাপ হয়। তাই আজ লিখতে বসলাম।

রেডিও তেহরান বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে এখন এক আবেগের নাম। ব্যতিক্রমী ও বাস্তবসম্মত অনুষ্ঠান প্রচার ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার জন্য রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জ্ঞানপিপাসু শ্রোতাদের চাহিদা মেটাতে রেডিও তেহরানের এক ঝাঁক নিবেদিতপ্রাণ বেতারকর্মী সর্বদা কাজ করে যাচ্ছে। যার ফলে আমরা শ্রোতারা রেডিও তেহরান থেকে বস্তুনিষ্ঠ ও জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান শুনতে পারছি।

রেডিও তেহরানের নিয়মিত শ্রোতাদের নিয়ে একটি ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক মতামত তুলে ধরেন এবং বিভিন্ন জিজ্ঞাসার জবাব পেয়ে থাকেন। রেডিও তেহরানের সিনিয়র ব্রডকাস্টার আশরাফুর রহমান ভাই অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় শ্রোতাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। শ্রোতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এমন সুন্দর উদ্যোগ অন্য কোনো বেতার কেন্দ্রে নিয়েছে বলে আমার জানা নেই।

ইরান আমাদের মুসলিম সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। ইসলামী বিপ্লবের পর থেকে ইরান বেশ কিছু ইসলামী চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছে যার তুলনা হয় না। এর মধ্যে 'মুহাম্মাদ: দ্য ম্যাসেঞ্জার অব গড' অন্যতম। আমার একটি অনুরোধ ইরান থেকে মুক্তিপ্রাপ্ত এ ধরনের সুন্দর ও ইসলামী চলচ্চিত্র এবং ইরানের সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে 'ইরানি সংস্কৃতি' নামে একটি ধারাবাহিক চালু করা গেলে আমরা ইরানের সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারব। আশা করি আমার মতামত কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো ইতি টানছি।

শুভেচ্ছান্তে,
শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ
থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী
বাংলাদেশ।