স্মরণীয় বাণী বা হাদিস
'বান্দাহদের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতিই কৃতজ্ঞতা'
-
'বান্দাহদের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতিই কৃতজ্ঞতা'
পার্স-টুডে: পার্স টুডে — ইমাম সাজ্জাদ- আ. তথা ইমাম জয়নুল আবেদীন এক নূরানী হাদিসে মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মধ্যকার গভীর সম্পর্কের এক মহসত্য তুলে ধরেছেন; যা প্রমাণ করে যে , অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে পরওয়ারদিগারের প্রতিই কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা ইসলামী সংস্কৃতির একটি মৌলিক মূল্যবোধ, যা শুধু আল্লাহর সঙ্গে সম্পর্কেই নয়, মানবিক সম্পর্কেও বিশেষ মর্যাদা রাখে। ইমাম জয়নুল আবেদীন, যিনি ইমাম হুসাইনের পুত্র ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি, এক হাদিসে বলেছেন: “কিয়ামতের দিন আল্লাহ তাঁর এক বান্দাহকে জিজ্ঞেস করবেন: তুমি কি অমুক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলে? বান্দাহ বলবে: হে আমার প্রতিপালক, আমি তো শুধু তোমারই শুকরিয়া আদায় করেছি। তখন আল্লাহ বলবেন: যখন তুমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করোনি, তখন প্রকৃতপক্ষে আমার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করোনি।”
এই বর্ণনা মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মধ্যে এক গভীর বন্ধন তুলে ধরে। প্রকৃতপক্ষে, আমাদের কাছে যে নিয়ামতসমূহ পৌঁছে, তা অধিকাংশ সময় অন্যদের মাধ্যমেই আসে—পিতা-মাতা, বন্ধু, শিক্ষক, সহকর্মী এবং এমনকি অপরিচিত ব্যক্তিরাও, যারা জীবনের পথে আমাদের সহায়তা করেন। যদি আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ না হই, তবে আমরা আল্লাহর অনুগ্রহের মাধ্যমগুলোকেই উপেক্ষা করি; আর এই উপেক্ষা আল্লাহর প্রতি এক ধরনের অকৃতজ্ঞতা হিসেবে গণ্য হয়।
অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু ভদ্রতা ও নৈতিকতার পরিচয় নয়, বরং এটি সামাজিক সম্পর্ককে মজবুত করে, ভালোবাসা বৃদ্ধি করে এবং সমাজে সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেয়। অন্যদিকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও এই ছোট ছোট দৈনন্দিন আচরণের সঙ্গেই সম্পৃক্ত; কারণ আল্লাহ তাঁর নিয়ামতগুলো বান্দাদের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছে দেন।
হাদিসের সূত্র: [আল-কাফি: ২/৯৯/৩০]
يقولُ اللّه ُ تباركَ و تعالى لِعبدٍ مِن عَبِيدِهِ يَومَ القِيامَةِ : أ شَكَرتَ فُلانا ؟ فيقولُ : بَل شَكَرتُكَ يا ربِّ ، فيقولُ : لَم تَشكُرْني إذ لَم تَشكُرْهُ .[الكافي : 2/99/30 .]
পার্স টুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।