বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত
-
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন।
আজ (রোববার) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘চাপ’ নিয়ে এক প্রশ্নে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে চীনের সম্পর্ক এই অঞ্চলের মানুষের উপকারের জন্য এবং এটাকে সমর্থন ও ধারণ করে থাকে এই অঞ্চলের মানুষ। সুতরাং তৃতীয় কোনো দেশকে টার্গেট করে আমাদের সম্পর্ক নয় এবং কোনো বিদেশি শক্তির দ্বারা এটার ক্ষতিগ্রস্ত হওয়াও উচিত নয়।”
এ সময় তিস্তা প্রকল্প নিয়েও কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, তিস্তা প্রজেক্ট সম্পর্কে কথা হয়েছে। প্রজেক্টটি এখন বাংলাদেশের ওপর নির্ভর করছে। চীন প্রস্তুত আছে। তিস্তা প্রজেক্ট নিয়ে চীন আশাবাদী। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। নতুন সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন এবং দ্রুতই এ সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। সেটি উন্নত করেছেন খালেদা জিয়া, এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা চীনের।#
পার্সটুডে/এমএআর/২২