আমেরিকা-ইসরাইল প্রধান ক্ষতির শিকার
গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরাইল: ইরান
-
আমির আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা প্রধানত ক্ষতির শিকার হয়েছে। তারা গাজা থেকে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের পক্ষে সম্ভবও নয়।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে আজ (বুধবার) দেয়া এক সাক্ষাৎকারে আবদুল্লাহিয়ান বলেন, ইসরাইল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান এই যুদ্ধবিরতি চুক্তি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি- ইসরাইল ও আমেরিকা গাজায় হামাসকে ধ্বংস করতে সক্ষম নয়। হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনেই থাকবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই যুদ্ধে ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী। এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ।”
আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় চলমান যুদ্ধবিরতি এই অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে। এখন আমেরিকাকে বেছে নিতে হবে- এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে ও যুদ্ধ থেকে বিরত থাকবে, নাকি আরো খারাপ পরিস্থিতি তৈরি হোক তার ব্যবস্থা করবে।
গাজা ও ইসরাইলের মধ্যকার ৪৯ দিনের যুদ্ধে অন্তত ১৫ হাজার বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। অন্যদিকে হামাসের অভিযানে মারা গেছে ১২০০ ইসরাইলি যার মধ্যে বহু সেনা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।