ইসরাইল গাজায় কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i131592-ইসরাইল_গাজায়_কোনো_সামরিক_লক্ষ্য_অর্জন_করতে_পারেনি_হামাস
সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতরাতে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের পাশাপাশি আরো কয়েকটি ইসরাইলি শহরেও শনিবার রাতে সাইরেন বেজে ওঠে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ০৭:৪৪ Asia/Dhaka

সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতরাতে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের পাশাপাশি আরো কয়েকটি ইসরাইলি শহরেও শনিবার রাতে সাইরেন বেজে ওঠে।

শনিবার রাতের রকেট হামলার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। এতে দেখা যাচ্ছে, গাজার উত্তর অংশ থেকে একের পর এক রকেট ছুটে যাচ্ছে ইসরাইলি ভূখণ্ডের দিকে। 

ইসরাইলি হামলায় হামাসসহ গাজার অন্যান্য প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা ঝিমিয়ে পড়েছেন বলে যখন ইহুদিবাদী পত্রিকাগুলো আভাস দিতে শুরু করেছিল তখন ভয়াবহ এ রকেট হামলা চালাল হামাস। ওই রকেট হামলার পর আজ (রোববার) ভোররাতে হামাসে পলিটব্যুরো সদস্য ইজ্জাত আর-রিশক এক বিবৃতিতে বলেছেন, তারা এর মাধ্যমে সংশ্লিষ্ট সবার উদ্দেশে এই বার্তা দিয়েছেন যে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার শক্তিকে হতচকিত করে দিয়েছে এবং তাদেরকে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দিয়েছে।  তিনি বলেন, এমনকি ইসরায়েলি সেনারা যেসব এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করছে সেসব এলাকায়ও আমাদের সরব উপস্থিতি রয়েছে।

ইজ্জাত আর-রিশক বলেন, শুধু রকেট নিক্ষেপ করেই আমাদের যোদ্ধারা ক্ষান্ত হয়নি বরং গাজার বিভিন্ন ফ্রন্টে তাদের বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। নেতানিয়াহু ও তার সেনারা গাজায় কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।