হামাস: দখলদারেরা গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে
পার্সটুডে- ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও তীব্র হওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকার সম্পূর্ণভাবে দায়ী।
সংগঠনটি জোর দিয়ে বলেছে, সীমিত পরিমাণ ত্রাণ প্রবেশ কখনোই আগ্রাসন বন্ধ ও পূর্ণাঙ্গ অবরোধ প্রত্যাহারের বিকল্প হতে পারে না। কারণ, এই বিপর্যয়ের মূল কারণ হলো দখলদারিত্ব ও তার অপরাধমূলক নীতি।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে গাজায় যা ঘটছে—ক্ষুধা ও দারিদ্র্যের বিস্তার, স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়া, পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ধ্বংস, পরিবেশ ও জীবিকার অবনতি, শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ বৃদ্ধি—এসবই প্রমাণ করে যে দখলদাররা ২০ লাখের বেশি ফিলিস্তিনির বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে ক্ষুধা, বঞ্চনা ও পরিকল্পিত ধ্বংসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবিক ও ত্রাণ সংস্থাগুলোর প্রচেষ্টা সত্ত্বেও গাজায় প্রবেশ করা ত্রাণের পরিমাণ এখনো সীমিত এবং মানুষের ন্যূনতম প্রকৃত চাহিদারও কম। এর পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ প্রবেশ ও বিতরণে নানা বিধিনিষেধ আরোপ করছে এবং মানুষের জীবনযাত্রার সব মৌলিক উপাদানকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।#
পার্স টুডে/এস এ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।