হিজবুল্লাহর অভিযোগ: জোসেফ আউন লেবাননকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন
-
লেবাননের সাবেক সংসদ সদস্য ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নাওয়াফ আল-মুসাভি।
পার্সটুডে – হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, তথাকথিত ফ্রেমওয়ার্ক চুক্তির কোনো মূল্য নেই এবং এ নিয়ে লেবাননের জনগণের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, লেবাননের প্রেসিডেন্ট দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।
মেহর নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানায়, লেবাননের সাবেক সংসদ সদস্য ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা নাওয়াফ আল-মুসাভি বলেন, প্রেসিডেন্ট জোসেফ আউন-ই লেবাননে গৃহযুদ্ধ চান। তিনি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্ট সেনাপ্রধান রুডলফ হাইকেল-এর ওপর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করছেন, তবে সেনাপ্রধান তা প্রত্যাখ্যান করেছেন।
আল-মুসাভি লেবাননের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওয়াশিংটনে লেবানন সরকার ও ইসরাইলি পক্ষের প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক চুক্তি মূল্যহীন এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
অন্যদিকে, ইসরাইলের চ্যানেল ১২-এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সরকার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে, যাতে এই ফ্রেমওয়ার্ক চুক্তির ‘নিরাপত্তা সংক্রান্ত সংযোজন’ প্রকাশ না করা হয়। কিছু বিশ্লেষকের মতে, এই সংযোজন গোপন রাখার অনুরোধ থেকে ধারণা করা যায় যে, এতে এমন কিছু ধারা থাকতে পারে, যা লেবাননের জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক এবং দখলদার পক্ষের আরোপিত নিরাপত্তা শর্ত গ্রহণের ইঙ্গিত বহন করে। এদিকে, চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রকাশের পরই লেবাননের রাজধানী বৈরুতে এই চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।