সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয় বাহিনীই সবচেয়ে দক্ষ ও চৌকস: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i16144-সন্ত্রাস_বিরোধী_যুদ্ধে_সিরিয়_বাহিনীই_সবচেয়ে_দক্ষ_ও_চৌকস_আসাদ
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত দক্ষতার পরিচয় দেয়ায় নিজ দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৬ ১২:৪৪ Asia/Dhaka
  • সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত দক্ষতার পরিচয় দেয়ায় নিজ দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সেনাবাহিনীর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) প্রেসিডেন্ট আসাদ সেনা সদস্যদের উদ্দ্যেশে বলেন, ‘জাতীয় কর্তব্য পালনে আপনারা অত্যন্ত দৃঢ়চেতা ভূমিকা পালন করেছেন  এবং বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সাফল্য প্রমাণ করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং তাদেরকে নির্মূলে সিরিয়ার সেনাবাহিনীই সবচেয়ে সক্ষম এবং চৌকস বাহিনী।’     

প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার ইতিহাসে সেনাবাহিনী কঠিন সময় অতিক্রম করছে। তাই বিজয় নিশ্চিত করতে এবং সিরিয়ার জনগণের কাঙ্ক্ষিত উজ্জ্বল ভবিষ্যত রচনা করতে হলে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে।

সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যেসব সেনা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেসিডেন্ট আসাদ। এছাড়া, যারা আহত হয়েছেন তারা শিগগিরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, সিরিয়ার সেনাবাহিনী গতকাল (রোববার) রাজধানী দামেস্কের ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বে দেই আয-যোর শহরের দক্ষিণ-পূর্ব অংশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১